সেন্ট মার্টিন সৈকতে গোসলে নেমে ঢাকার কলেজছাত্রের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের সৈকতে গোসল করতে নেমে গতকাল সোমবার বিকেলে ঢাকা সিটি কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। অপর তিন ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঢাকা সিটি কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের শেষ বর্ষের ১৫২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক টেকনাফ থেকে জাহাজে করে সেন্ট মার্টিন ভ্রমণে যান। বেলা তিনটায় তাঁরা দ্বীপের পশ্চিম পাশে সৈকতে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে চারজন ছাত্র সাগরে ভেসে যান। স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে তাঁদের উদ্ধার করলেও ঘটনাস্থলে মারা যান সাখাওয়াত হোসেন নামের এক ছাত্র। অপর তিন ছাত্র—ওমর ফেরদৌস, সানসারদীন আল শামস ও আশরাফুল হক রায়হানকে সেন্ট মার্টিন দ্বীপ থেকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে পাঁচটায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা মোজাফ্ফর আহমদ জানান, হাসপাতালে আনার আগেই সাখাওয়াতের মৃত্যু হয়। অপর তিন ছাত্রের আবস্থা আশঙ্কাজনক।টেকনাফ ত্যাগের আগে শিক্ষক হাফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা একসঙ্গে গোসল করার সময় এই বিপদ নেমে আসে। শিক্ষার্থীদের হতাহতের ঘটনা তাঁদের পরিবারের সদস্যদের মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে।