সেন্ট মার্টিন সৈকতের যত্রতত্র বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন সৈকতের পরিবেশ দিনে দিনে দূষিত হয়ে পড়ছে। সৈকতের বালুচরের বিভিন্ন স্থানে পড়ে থাকা মৃত মাছ ও মাছের বর্জ্য এবং গবাদিপশুর পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা দোকান থেকে ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলায় দূর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে সৌন্দর্যও হারাচ্ছে সৈকত।গত ৮ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, সৈকতের পূর্বদিকে জেটিঘাট, পশ্চিম পাশে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাড়িসংলগ্ন এলাকায় মৃত গবাদিপশু, কুকুর ও সাগর থেকে ভেসে আসা দুটি ডলফিনের মৃতদেহ পড়ে আছে। এগুলোর দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সৈকতে অবস্থান করা যায় না। এসব প্রাণীর মৃতদেহ কুকুর, কাক টেনেহিঁচড়ে খাচ্ছে। এ ছাড়া সৈকতে যাওয়ার প্রধান সড়কটির দুই পাশে নারকেলের ছোবড়া, ডাবের খোসা, সিগারেট, বিস্কুট, চানাচুরের প্যাকেট ফেলে রাখা হয়েছে। সমুদ্র থেকে ধরে আনা মাছ জেলেরা কাটছে সৈকতে বসেই। কাটা মাছের বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র।সৈকতে বসে মাছ কাটার সময় জেলে নুরুল আলম, খলিলুর রহমান ও আলী হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এভাবেই মাছ কাটেন। কিন্তু কেউ কোনো দিন বাধা দেয়নি। মাছের বর্জ্যগুলো জোয়ারে ভেসে যাবে। তাই কষ্ট করে ফেলার কোনো কারণ নেই। ঢাকা থেকে বেড়াতে আসা আবদুস সাত্তার, কহিনূর, বেলি, নূরনাহার, নওরীন ও কাদের কবির সৈকতের এমন দশা দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা পর্যটনকেন্দ্রের পরিবেশ এত নোংরা হতে পারে, তা তাঁদের জানা ছিল না। সৈকতের বালুকাবেলার কোথাও তো যাওয়া যাচ্ছে না। চারদিকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। পাকিস্তান থেকে আসা পর্যটক ফেরদৌস কোরাইশী বলেন, বেদখল হয়ে দোকানপাট গড়ে ওঠায় সৈকত ছোট হয়ে এসেছে।খোঁজ নিয়ে জানা গেছে, সেন্ট মার্টিন সৈকত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউনিয়ন পরিষদের। সরকারিভাবে এ দ্বীপকে পর্যটন এলাকা ঘোষণা করা হলেও এখানে নেই কোনো বিচ ম্যানেজমেন্ট কমিটি। পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম নামমাত্র থাকলেও নেই কোনো কার্যালয় ও লোকবল। সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান নূরুল আমিন বলেন, ‘সত্যি কথা বলতে কী, সৈকত আছে নামমাত্র। এর পরির্চষা করার জন্য কোনো বরাদ্দ না থাকায় ইউপির চেয়ারম্যান ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। এ কারণে সৈকত রক্ষণাবেক্ষণও হচ্ছে না। এতে কেন্দ্রটি দিন দিন সৌন্দর্য হারাতে বসেছে।পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে চারটি দোকান উচ্ছেদের পাশাপাশি ১২ জন শুঁটকির আততদারকে নোটিশ করা হয়েছে। কিন্তু সেখানে কোনো লোকবল না থাকায় জেলা সদর থেকে মনিটরিং করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম বলেন, সৈকতে পর্যটকসহ জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য ইউপিসহ প্রশাসনকে বলা হবে।