সেন্ট মার্টিন হাসপাতালে রোগী দেখেন দারোয়ান!
ফাতেমা খাতুন নামের এক নারী সাত মাসের ছেলেশিশুকে কোলে নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে এসেছেন সেন্ট মার্টিন ১০ শয্যার হাসপাতালে। কিন্তু চিকিৎসক নেই। ফাতেমার শ্বাসকষ্টে ভোগা সন্তানকে দেখলেন হাসপাতালের দারোয়ান রমজান আলী সিকদার। কিছু ওষুধও দিলেন।একইভাবে রেহেনা বেগম, কালা মিয়া, ফরিদা বেগম, হামিদুর রহমান, মো. জোবাইরসহ আরও কয়েকজন রোগীকেও ওষুধ দিলেন রমজান আলী। গত বুধবার সরেজমিনে এ চিত্র দেখা গেছে।দারোয়ান রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘আমি চিকিৎসক নই। হাসপাতালের দারোয়ান। চিকিৎসক নেই, তাই রোগীদের প্যারাসিটামল ও খাওয়ার স্যালাইনজাতীয় ওষুধ দিচ্ছি।’সেন্ট মার্টিনের সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, দ্বীপবাসী ও দেশি-বিদেশি পর্যটকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ছয় কোটি টাকা ব্যয়ে এ হাসপাতাল নির্মাণ করা হয়েছে। কিন্তু এটি কোনো কাজে আসছে না। এটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য ৫৪ একর জমির ওপর এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। কিন্তু হাসপাতালের জন্য চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হয়নি। সরবরাহ করা হয়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাব। এ অবস্থায় একজন চিকিৎসক, সহকারী চিকিৎসক ও দারোয়ান (এলএমএসএস) নিয়ে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এই তিনজনই হাসপাতালের সব কাজ চালিয়ে যাচ্ছেন।চিকিৎসক না থাকায় হাসপাতালের জরুরি, গাইনি, ডেন্টাল, সার্জারি ও মেডিসিন বিভাগে তালা ঝুলছে।হাসপাতাল সূত্র জানায়, ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাসপাতালে চিকিৎসকের চারটি পদ থাকলেও এর তিনটিই শূন্য। এ ছাড়া সেবক-সেবিকার ছয়টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান দুটি, ফার্মাসিস্ট দুটি, ওয়ার্ডবয় ছয়টি, এমএলএসএস চারটি, আয়া তিনটি, দারোয়ানের একটি, পিয়ন একটি, স্টোরকিপার একটি, ঝাড়ুদারের চারটি পদ শূন্য রয়েছে। হাসপাতালে ৭৪ লাখ টাকার একটি জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় সেটি পড়ে রয়েছে।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হাফেজা খাতুন বলেন, এখানে প্রায়ই নারী ও শিশুরা বিনা চিকিৎসায় মারা যায়। ফেব্রুয়ারি মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ফিরোজা বেগম নামের এক নারী সন্তান প্রসবের সময় মারা যান।দ্বীপের বেশ কয়েকজন বাসিন্দা জানান, দ্বীপ থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া তাঁদের পক্ষে এমনিতেই দুরূহ। বর্ষা মৌসুমে অবস্থা আরও চরম আকার ধারণ করে। তখন অধিকাংশ সময় টেকনাফের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে এই দ্বীপের। এ সময় দ্বীপের কেউ গুরুতর অসুস্থ হলে প্রায়ই বিনা চিকিৎসায় মারা যায়।হাসপাতালের চিকিৎসক এনামুল হক বলেন, হাসপাতালটি নামেমাত্র চালু করা হয়েছে। এখনো হাসপাতালে রোগী ভর্তি করা হয় না। বহির্বিভাগে রোগী দেখে কিছু ওযুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন, হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। লোকবল-সংকটের কারণে দ্বীপবাসী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।জেলা সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি। তাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন মাসের জন্য একজন চিকিৎসককে সেন্ট মার্টিনের ওই হাসপাতালে পাঠানো হয়।