সেন্ট মার্টিনে আটকা দেড় শতাধিক পর্যটক
নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে দুদিন ধরে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ। এতে সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন দেড় শতাধিক পর্যটক।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তাই কক্সবাজার উপকূলকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কালও (আজ রোববার) এ সংকেত বহাল থাকতে পারে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে তিনটি জাহাজে করে প্রায় সাড়ে ৭০০ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে আসেন। সেদিন বেলা সাড়ে তিনটার দিকে ৫০০ পর্যটক সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফিরে গেলেও ২৫০ জন দ্বীপের বিভিন্ন হোটেলে থেকে যান। বৈরী আবহাওয়ার খবর পাওয়ার পর সেদিন সন্ধ্যার দিকে তিনটি মাছ ধরার ট্রলারে করে আরও শতাধিক পর্যটক টেকনাফ ফিরে যান। তবে দেড় শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েন। সাগর উত্তাল হওয়ায় জাহাজ চলাচল গত শুক্র ও গতকাল শনিবার বন্ধ ছিল। এতে সেন্ট মার্টিনে অবস্থানরত পর্যটকেরা টেকনাফে ফিরতে পারেননি।
কেয়ারি সিন্দবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, ‘সাগর উত্তাল থাকায় আজ শনিবার কোনো জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে পারেনি। আজ রোববারও সাগর শান্ত হয় কি না, সন্দেহ আছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম বলেন, আবহাওয়ার পরিস্থিতির কারণে দুদিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছে।