সেন্ট মার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। সাগর উত্তাল হওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় গতকাল বৃহস্পতিবার তাঁরা টেকনাফে ফিরে আসতে পারেননি।
মৌসুমি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল গত বুধবার বিকেল থেকে বন্ধ আছে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দর এবং উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, বুধবার বিকেলের পর থেকে সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সেন্ট মার্টিনে বেড়াতে আসা শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক পর্যটক আগাম টিকিট নিয়ে গতকাল দমদমিয়া জেটি ঘাটে আসেন। কিন্তু জাহাজ যেতে না পারায় তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন জানান, সাগর উত্তাল হয়ে পড়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।