সেন্ট মার্টিনে আটকা ২০০ পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়াতে এসে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে প্রায় ২০০ পর্যটক আটকা পড়েছেন। গতকাল শুক্রবার ভোর থেকে বৈরী আবহাওয়া এবং ৩ নম্বর সতর্কসংকেতের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ-ট্রলার চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ-ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকদের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংকেত কেটে গেলে টেকনাফ থেকে জাহাজ গিয়ে তাঁদের টেকনাফে ফেরত আনা হবে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৩ নম্বর সতর্কসংকেত ঘোষণা করা হয়েছে।
এ নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, গতকাল সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো ট্রলারও সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসেনি। আবহাওয়া অধিদপ্তর সতর্কসংকেত তুলে নিলে টেকনাফ থেকে জাহাজ গিয়ে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বৃহস্পতিবার জাহাজ ও ট্রলারে করে দেড় হাজারের মতো পর্যটক সেন্ট মার্টিনে বেড়াতে আসেন। ওই দিন বিকেলে জাহাজে করে অধিকাংশ পর্যটক চলে গেলেও প্রায় ২০০ পর্যটক সেন্ট মার্টিনে থেকে যান। কিন্তু শুক্রবার দুপুরে কোনো জাহাজ টেকনাফ থেকে না আসার কারণে তাঁরা আটকা পড়েছেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা নিরাপদে অবস্থান করছেন। পর্যটকদের খোঁজ নিতে সেখানকার পুলিশ ফাঁড়ির সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।