সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে দুদিন জাহাজ চলাচল বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে আবার শুরু হয়েছে। এরপর সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া একজন বিদেশিসহ শতাধিক পর্যটক টেকনাফ ফিরেছেন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়লে স্থানীয় প্রশাসন গত বুধবার বিকেল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে দেড় শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে আটকা পড়েন।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, দুদিন বন্ধ থাকার পর গতকাল সকাল ১০টার দিকে দুটি জাহাজ সেন্ট মার্টিনে যায়। একটি জাহাজ সেন্ট মার্টিনে পর্যটকদের নামিয়ে দিয়ে মেরামতের জন্য চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তিনি জানান, সেন্ট মার্টিনে আটকা পড়া শতাধিক পর্যটকসহ শনিবার যাওয়া অনেক পর্যটক একটি জাহাজে করে টেকনাফে ফিরেছেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, নতুন করে আসা শতাধিক পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করছেন।