সেন্ট মার্টিনে আটকে পড়া ২৬৪ পর্যটক উদ্ধার
কক্সবাজারের সেন্ট মার্টিনে আটকে পড়া ২৬৪ পর্যটককে গতকাল বুধবার বিকেলে একটি জাহাজে করে টেকনাফ ফিরিয়ে আনা হয়েছে। চার দিন আগে তিন শতাধিক পর্যটক টেকনাফ থেকে নৌপথে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে গিয়ে আটকা পড়েন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, গতকাল বুধবার বেলা দেড়টার দিকে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ ‘এলসিটি কুতুবদিয়া’ সেন্ট মার্টিন পৌঁছে দ্বীপে আটকে পড়া ২৬৪ পর্যটককে জাহাজে তোলে এবং বিকেল চারটার দিকে প্রায় ৩৪ কিলোমিটারের সাগর ও নদীপথ অতিক্রম করে টেকনাফ পৌঁছে। আগের দিন মঙ্গলবার মাছ ধরার ট্রলারে করে ৩০ পর্যটক সেন্ট মার্টিন ত্যাগ করেন।
নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়লে প্রশাসন গত রোববার থেকে ‘টেকনাফ-সেন্ট মার্টিন’ নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখে। এতে তিন শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে আটকা পড়েন।
কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের দায়িত্বে থাকা কমান্ডার লে. কাজী হারুন-অর রশিদ বলেন, সাগর শান্ত না হওয়া পর্যন্ত এই নৌপথে পর্যটক পারাপার নিষিদ্ধ থাকবে।