সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা টেকনাফে ফিরেছেন
কক্সবাজারের সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের আজ বৃহস্পতিবার দুটি জাহাজে করে সন্ধ্যা সাতটার দিকে টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে। চার দিন আগে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে প্রতিকূল আবহাওয়ার কারণে আটকা পড়েছিলেন তাঁরা।
আটকে পড়া পর্যটকদের মধ্যে ঢাকার শামীম হোসেন, রুবেল আহমদ, কাউসার আলীসহ কয়েকজন ক্ষোভ করে বলেন, বেড়াতে এসে এভাবে আটকা পড়ে যাব সেটা চিন্তা করিনি। তিন দিন ধরে পর্যটকেরা আটকা পড়লেও স্থানীয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। দ্বীপের খাবার হোটেল ও আবাসিক হোটেলগুলো অতিরিক্ত টাকা আদায় করছে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিকেলে প্রথম আলোকে বলেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা সতর্কতা-সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে হঠাৎ করে সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা-সংকেত দেওয়ার পাশাপাশি সাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়লে স্থানীয় প্রশাসন গত মঙ্গলবার থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রাখে। এতে পর্যটকেরা সেন্ট মার্টিনে আটকা পড়েন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ ‘বে-ক্রুজ ও কেয়ারি সিন্দবাদ’ নামের দুটি জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া ৩২৪ পর্যটককে নিয়ে টেকনাফে যায়। সন্ধ্যা সাতটার দিকে পর্যটকেরা টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছেছেন।
কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের দায়িত্বে থাকা পেটি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সংকেত কেটে যাওয়ার পর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সাগর এখনো উত্তাল রয়েছে।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আবহাওয়ার সতর্কতা-সংকেত প্রত্যাহার করার হয়েছে মর্মে আবহাওয়া কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ায় আটকে পড়া পর্যটকদের টেকনাফে আনা হয়। রাতের মধ্যে তাঁরা নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন।