সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া দেড় শতাধিক পর্যটক গতকাল সোমবার টেকনাফ ফিরেছেন। টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে তিন দিন জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ থাকায় তাঁরা সেখানে আটকা পড়েছিলেন।
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়লে স্থানীয় প্রশাসন গত শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছিল।
পর্যটকবাহী জাহাজ বে-ক্রুজের টেকনাফের ব্যবস্থাপক শাহাজাহান জানান, গতকাল সকাল ১০টার দিকে বে-ক্রুজ জাহাজ সেন্ট মার্টিনে যায়। আটকে পড়া দেড় শতাধিক পর্যটককে নিয়ে জাহাজটি বিকেলে টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছায়। তিনি জানান, আবহাওয়া কার্যালয় থেকে জারি করা সংকেত গতকাল সকালে প্রত্যাহার করা হয়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানান, সেন্ট মার্টিনে আটকে পড়া দেড় শতাধিক পর্যটক টেকনাফে ফিরে গেছেন এবং পারিবারিক ও ব্যবসায়িক কাজে টেকনাফ সদরে গিয়ে আটকে পড়া সেন্ট মার্টিনের দুই শতাধিক বাসিন্দা গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সেন্ট মার্টিনে ফিরেছেন।