সেন্ট মার্টিনে আটকে পড়া ৩২৪ পর্যটক টেকনাফে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া ৩২৪ জন পর্যটককে গতকাল বৃহস্পতিবার দুটি জাহাজে করে টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে।
৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতের পাশাপাশি সাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন গত মঙ্গলবার থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ করে দেয়। এতে ৩২৪ পর্যটক দ্বীপটিতে আটকে পড়েন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ বে ক্রুজ ও কেয়ারি সিন্দবাদ সেন্ট মার্টিন আসে। এরপর দ্বীপে আটকে পড়া ৩২৪ জন পর্যটককে নিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফের দমদমিয়া ঘাটের উদ্দেশে যাত্রা করে। সন্ধ্যা সাতটার দিকে জাহাজ দুটি দমদমিয়া ঘাটে পৌঁছায়।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে শামীম হোসেন, রুবেল আহমদ, কাউসার আলীসহ ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক অভিযোগ করেন, দ্বীপের হোটেল ও রেস্তোরাঁগুলোতে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম প্রথম আলোকে বলেন, আবহাওয়ার সতর্কসংকেত প্রত্যাহারের খবর পেয়ে দুটি জাহাজ সেন্ট মার্টিনে পাঠিয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে আনা হয়েছে।