সেন্ট মার্টিনে কটেজে চুরি, পর্যটককে প্রাণনাশের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে কটেজের কক্ষ থেকে টাকা চুরি হয়েছে। এ ঘটনায় সেন্ট মার্টিন দ্বীপ পুলিশফাঁড়িতে দুটি অভিযোগ করা হয়েছে। এ কারণে কটেজ কর্তৃপক্ষ পর্যটক-দম্পতিকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সেন্ট মার্টিন দ্বীপে গত মঙ্গলবার বেড়াতে আসেন ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার এক দম্পতি। তাঁরা দ্বীপের কটেজ সোলার মুন রিসোর্টের এক নম্বর কক্ষ ভাড়া নেন। গত বুধবার দিবাগত রাতে তাঁদের আট হাজার টাকা চুরি হয়ে যায়। কক্ষের জানালা দিয়ে ম্যানিব্যাগ থেকে এ টাকা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ওই টাকা পাওয়া না গেলে থানায় একটি অভিযোগ করা হয়।অভিযোগ করার পর কটেজের ব্যবস্থাপক খোকন অভিযোগ তুলে নিতে ওই দম্পতিকে চাপ দেন। একপর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তাঁদের প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি কটেজের কক্ষ থেকে তাঁদের লাগেজ বের করে দেন। পরে ওই দম্পতি নিরুপায় হয়ে অপর একটি হোটেলে রাত যাপন করেন।খবর পেয়ে পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল হক ওই কটেজে অভিযান চালান। এ সময় হুমকিদাতা খোকনকে পাওয়া যায়নি। এরপর গতকাল শুক্রবার সকালে ওই দম্পতি বাদী হয়ে প্রাণনাশের হুমকি ও পর্যটক হয়রানির অভিযোগ এনে আরেকটি লিখিত অভিযোগ করেন।দ্বীপের ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, ‘ইদানীং কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পর্যটককে কটেজ কর্তৃপক্ষের প্রাণনাশের হুমকি ও হয়রানির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্বীপে এ ধরনের ঘটনা ঘটলে পর্যটক কমে যাবে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানাচ্ছি।’ সেন্ট মার্টিন দ্বীপ পুলিশফাঁড়ির এসআই আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটককে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ রয়েছে। এ ঘটনায় দুইটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। খোকনকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।