সেন্ট মার্টিনে গিয়ে লাশ হয়ে ফিরলেন বুয়েট ছাত্র শফিউর
সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র শফিউর রহমান। গতকাল সোমবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়া টলিং ঘোলা এলাকার সাগরে গোসলে নেমে তিনি ভেসে যান।শফিউরের বাড়ি বগুড়ায়। তাঁর বাবার নাম মিজানুর রহমান। দুই মাস পর তাঁর পড়ালেখা শেষ হতো।বুয়েট সূত্রে জানা যায়, ওই বিভাগের ৬৭ জন শিক্ষার্থী টেকনাফ সফরে যান। গতকাল সকালে তাঁরা সেন্ট মার্টিন দ্বীপে যান। সেখানে তাঁরা দ্বীপের আবাসিক হোটেল অবকাশে ওঠেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেন্ট মার্টিন পৌঁছানোর পর খাওয়াদাওয়া শেষে বিকেলে দ্বীপের পশ্চিম পাড়া টলিং ঘোলা এলাকায় গোসল করার সময় স্রোতের টানে ভেসে যান শফিউর রহমান, শুভ্র সরকার ও শিমন। শুভ্র ও শিমনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও শফিউরকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে পাঁচটার দিকে একই এলাকায় তাঁর মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক লাশটি উদ্ধার করে টেকনাফ নিয়ে আসা হয়।সেন্ট মার্টিন দ্বীপের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কালাম হোসেন শফিউরের লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন। সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খাঁন বলেন, শফিউরের মৃতদেহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।