সেন্ট মার্টিনে ট্রলারডুবি উদ্ধার ৯ নিখোঁজ ২
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোররাতে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে সেন্ট মার্টিন জেটির দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ দুই জেলে হলেন নুরুল আলম (৪৫) ও শাহাব মিয়া (২৫)।
উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি শুক্কুর’ নামের ট্রলারটিতে করে ১১ জন মাঝিমাল্লা গত সোমবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট ছেড়ে যায়। বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব দিকে মৌলভীরশীল নামক এলাকার কাছাকাছি জাল ফেলা হয়। রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই জাল তুলে সেন্ট মার্টিন জেটির দক্ষিণে নিরাপদে আশ্রয় নিয়ে সবাই ঘুমিয়ে পড়েন। গতকাল ভোররাতে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় আশপাশে থাকা অপর দুটি ট্রলার এগিয়ে এসে জেলেদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. রফিক ওরফে মাইন্না (৩৫), সৈয়দ হোসেন (২৫), মো. হোসেন (৪৫), অলি আহমদ (৫০), মো. হাসান (২৪), রায়বুল্লাহ (৪৫), মো. ইসলাম (৪৫) মো. ভুলা মিয়া (৫৫) ও মো. হাসান (৪৫)। তাঁরা সবাই শাহপরীর দ্বীপের বাসিন্দা। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে কোস্টগার্ড।
ট্রলারের মালিক আব্দুস শুক্কুর বলেন, নিখোঁজ দুই জেলেসহ ট্রলারের সন্ধানে আরও দুটি ট্রলারে করে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। দুই জেলে নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. জিলহাস ফয়সাল বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে স্থানীয় জেলেদের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। কিন্তু গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।