সেন্ট মার্টিনে ডায়রিয়ায় আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চার দিনে আটজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ জনেরও বেশি। দ্বীপে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল আছে। কিন্তু সেখানে কোনো চিকিৎসক নেই। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী রোগীদের দেখভাল করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার সকাল আটটার দিকে হাসপাতালে আনার পথে পূর্বপাড়ার দিদার হোসেনের পাঁচ বছরের মেয়ে জ্যোৎস্না মারা যায়। গত বৃহস্পতিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় দ্বীপের দক্ষিণপাড়ার চাষি আমির হোসেনের চার বছর বয়সী ছেলে করিম উল্লাহ। একই দিন দুপুরে মাঝরপাড়ার জেলে সোনা আলীর সাড়ে তিন বছর বয়সী মেয়ে সোনা মেহেরকে ট্রলারে করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায়। সোনা আলী জানান, দ্বীপের ১০ শয্যার হাসপাতালে কোনো চিকিৎসক নেই। সেন্ট মার্টিন দ্বীপের দুটি ওষুধের দোকানেও চাহিদানুযায়ী স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। বাধ্য হয়ে ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে তিনি সমুদ্র পাড়ি দিয়ে টেকনাফ নিয়ে যাচ্ছিলেন। পথে সে মারা যায়। স্থানীয় লোকজন জানান, গত বুধবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় তিনজন। তারা হলো: দ্বীপের দক্ষিণপাড়ার কবির আহমদের মেয়ে ফাতেমা বেগম (২৩), পূর্বপাড়ার ফজল আহমদের মেয়ে আনোয়ারা বেগম (৩০) ও উত্তরপাড়ার খলিল আহমদের ছেলে মনির আহমদ (১০)। গত মঙ্গলবার দ্বীপের অপর তিনটি গ্রামে আরও দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ডায়রিয়ায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, প্রচণ্ড গরমে দ্বীপে বেশির ভাগ নলকূপের পানি শুকিয়ে গেছে। অবশিষ্ট নলকূপে লোনা পানি আসছে। অতিরিক্ত লবণপানি, পুকুর ও খালের ময়লাযুক্ত পানি খেয়ে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। দ্বীপে আধুনিক মানের ১০ শয্যার একটি হাসপাতাল স্থাপন করা হলেও এখানে দীর্ঘদিন ধরে চিকিৎসক নেই। ইউপি সদস্য ও সেন্ট মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর আহমদ জানান, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছয় মাস আগে এ হাসপাতালে একজন চিকিৎসক, তিনজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমানে একজন কর্মচারী ছাড়া কেউ নেই। বর্তমানে হাসপাতালে ৫০ জনের বেশি ডায়রিয়া আক্রান্ত নারী-শিশু ভর্তি রয়েছে। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোজাফ্ফর আহমদ বলেন, ‘সেন্ট মার্টিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে একটি চিকিৎসক দল পাঠানোর চেষ্টা চলছে।’ হাসপাতালে চিকিৎসক না থাকা প্রসঙ্গে জানতে চাইলে মোজাফ্ফর আহমদ জানান, ওই হাসপাতালের জন্য একজন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতাজনিত কারণে ওই চিকিৎসক বদলি হলে তাঁর স্থলে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, সেন্ট মার্টিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লোকজন মারা যাওয়ার খবর সেখান থেকে কোস্টগার্ড তাঁকে অবগত করেছে।