সেন্ট মার্টিনে ডিম পাড়ার সুযোগ পাচ্ছে না কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় কক্সবাজারের সেন্ট মার্টিনে ডিম পাড়ার জন্য গভীর সমুদ্র থেকে ছুটে আসত শত শত মা-কচ্ছপ বা সামুদ্রিক কাছিম। নির্জন সৈকতে ডিম দিয়ে সেই কাছিম আবার ফিরে যেত সাগরে। কিন্তু এখন ডিম পাড়ার সেই সুযোগ পাচ্ছে না কাছিম। কারণ, দ্বীপের চারদিকে বসানো থাকে নিষিদ্ধ কারেন্ট ও ফাঁদজাল। এসব জালে আটকা পড়ে মারা যাচ্ছে অসংখ্য মা-কচ্ছপ।
আর দুই-একটা কচ্ছপ ফাঁদজাল ডিঙিয়ে সৈকতে পৌঁছে ডিম পাড়তে পারলেও সেই ডিম থেকে বাচ্চা ফোটার সুযোগ পাচ্ছে না। বেওয়ারিশ কুকুরের দল কাছিমের সেই ডিম খেয়ে ফেলছে। এ ছাড়া সারা রাত সৈকত আলোকিত ও লোকজনের হইচই থাকায় অনেক মা-কাছিম ডিম দিতে সৈকতে উঠতে পারে না।
মৎস্য ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, গত পাঁচ বছরে সেন্ট মার্টিন দ্বীপসহ প্রায় ১২০ কিলোমিটারের কক্সবাজার সৈকতে ডিম পাড়তে এসে মারা গেছে অন্তত চার হাজার মা-কচ্ছপ।
গত ১৬ ও ১৭ জানুয়ারি সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে দেখা যায়, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। অনেকে ছোট ছোট নৌকা নিয়ে দ্বীপের অদূরে সাগরে নিষিদ্ধ ফাঁদজাল পুঁতে কোরাল, লবস্টার, লাক্ষাসহ বিভিন্ন মাছ ধরছেন। এ সময় জালে আটকা পড়ে মা-কচ্ছপ মারা যাচ্ছে। দ্বীপের উত্তর, পশ্চিম ও দক্ষিণ দিকের সৈকতে কয়েকটি মরা কচ্ছপ ভেসে আসতে দেখা যায়।
সেন্ট মার্টিনে সামুদ্রিক কাছিমের সুরক্ষা নিয়ে গবেষণা করছেন সেভ আওয়ার সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বে অব বেঙ্গল সি টার্টল প্রোগ্রামের ১০ জন স্বেচ্ছাসেবী। তাঁদের সংগৃহীত তথ্যানুযায়ী, গত বছরের ১৫ নভেম্বর থেকে চলতি সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আড়াই মাসে সেন্ট মার্টিনে ডিম পাড়তে পেরেছে মাত্র আটটি অলিভ রিডলে (জলপাই রঙের) কাছিম।
স্বেচ্ছাসেবীদের সমন্বয়ক সুমন কর্মকার প্রথম আলোকে বলেন, ১২টি মরা কাছিম পর্যবেক্ষণ করে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতের ধরন দেখে মনে হয়েছে, মাছ ধরার ভাসা জালে আটকে এবং কোনো কোনো ক্ষেত্রে গভীর সাগরে জালে আটকে মারা পড়েছে এসব মা-কচ্ছপ।
সুমন কর্মকার বলেন, গত আড়াই মাসে আটটি কাছিম সেন্ট মার্টিন সৈকতের বিভিন্ন স্থানে উঠে ৯৩২টি ডিম পাড়ে। এর মধ্যে একটি কাছিম সর্বনিম্ন ৭০টি এবং আরেকটি পাড়ে সর্বোচ্চ ২১২টি ডিম। ৫০ থেকে ৬০ কেজি ওজনের একেকটি অলিভ রিডলে প্রজাতির কাছিম ৬০ থেকে ২২০টি পর্যন্ত ডিম দিতে পারে। এই কাছিম স্বাভাবিকভাবে ৫০ বছর পর্যন্ত বাঁচে। কিন্তু ৯৩২টি ডিম থেকে বাচ্চা পাওয়া গেছে মাত্র ৩৭টি। অবশিষ্ট কাছিমের ডিম খেয়ে ফেলেছে বেওয়ারিশ কুকুর। তিনি বলেন, এই দ্বীপে বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় ছয় হাজার।
সেভ আওয়ার সি সূত্রমতে, সেন্ট মার্টিনের শতাধিক হোটেল-মোটেল-কটেজগুলো থেকে সৈকতের দিকে বৈদ্যুতিক বাতি জ্বালানো এবং সাগরজলে নিষিদ্ধ জালের ব্যবহারের পরিণতিতে কাছিমের ডিমপাড়ার মৌসুমে চলছে বিপর্যয়কর পরিস্থিতি। পর্যটন ও মাছ ব্যবসায়ীরা দায়িত্বশীল না হলে অলিভ রিডলে কাছিমের বিলুপ্তি ঘটবে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সৈকতে সাধারণত বেশি সংখ্যায় ডিম পাড়তে আসে এই প্রজাতির কাছিম।
দ্বীপের প্রতিবেশগত পরিস্থিতি দেখতে গত শনিবার সেন্ট মার্টিনে যান পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মকবুল হোসেন ও কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। তাঁরা সেখানে সেভ আওয়ার সির স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাছিমের সুরক্ষা নিয়ে আলোচনা করেন।
সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিন কাছিমের অন্যতম প্রধান ডিমপাড়া অঞ্চল। কিন্তু দীর্ঘদিনের প্রতিকূল অবস্থার কারণে এখন আর বিরাট আকারের সামুদ্রিক কাছিমকে ডিম পাড়তে আসতে দেখা যাচ্ছে না। সৈকতে প্রচুর বাতি বা জনসমাগম থাকলে কাছিমেরা ডিম পাড়তে উঠতে পারে না।
সেভ আওয়ার সির গবেষণা পরিচালক আলিফা বিনতে হক বলেন, দ্বীপের সমুদ্র অঞ্চলের প্রতিবেশগত সীমানা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। ওই সীমানার মধ্যে পর্যটন এলাকা, জাহাজ চলাচলের সীমানা, স্থানীয় অধিবাসীদের ব্যবহার ও মাছ ধরার অঞ্চলগুলো সুনির্দিষ্ট করে দিতে হবে। যাতে প্রাণবৈচিত্র্যের সুরক্ষা ও জনসাধারণের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে দ্বীপটি দৈনিক কী পরিমাণ মানুষকে (স্থানীয় জনগোষ্ঠী বা পর্যটক) জায়গা দিতে প্রতিবেশগতভাবে সক্ষম তা নির্ধারণ করে প্রতিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা করা দরকার।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, প্রতিদিন ছয়টি জাহাজে করে দ্বীপ ভ্রমণে আসছেন অন্তত সাত হাজার পর্যটক। দিনরাত সমানে তাঁরা দ্বীপে ঘুরে বেড়ান। এতে কাছিমের ডিম পাড়ার সমস্যা হচ্ছে।