সেন্ট মার্টিনে দেড় শতাধিক পর্যটক আটকা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় দুই দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন দেড় শতাধিক পর্যটক।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তাই কক্সবাজার উপকূলকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় তিন থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। কাল রোববারও এ সংকেত বহাল থাকতে পারে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ শনিবার সন্ধ্যার দিকে প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। দ্বীপে আটকে পড়া দেড় শতাধিক পর্যটককে নিরাপদে থাকার জন্য মাইকিং করা হয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে তিনটি জাহাজে করে সাড়ে সাত শর মতো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে আসেন। ওই দিন বোলা সাড়ে তিনটার দিকে পাঁচ শর মতো পর্যটক সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফিরে গেলেও ২৫০ জন দ্বীপের বিভিন্ন হোটেলে থেকে যান। বৈরী আবহাওয়ার খবর পাওয়ার পর ওই দিন সন্ধ্যার দিকে তিনটি মাছ ধরার ট্রলারে করে আরও শতাধিক পর্যটক টেকনাফ ফিরে গেলেও প্রায় দেড় শ পর্যটক আটকা পড়েন।
কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল থাকায় আজ শনিবার কোনো জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে পারেনি। কাল রোববারও সাগর শান্ত হয় কি না, সন্দেহ আছে। সংকেত বহাল থাকলে টেকনাফ থেকে জাহাজ গিয়ে সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের টেকনাফে আনা সম্ভব নয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল আলম প্রথম আলোকে বলেন, দুই দিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।