কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঢাকার আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ইশতিয়াক বিন মাহমুদ ও সাব্বির হাসানের খোঁজ গতকাল রোববারও মেলেনি। গতকাল দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কোস্টগার্ড।
গত সোমবার দুপুরে সাগরে নামা ওই বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্র স্রোতের টানে ভেসে যাওয়ার সময় পাঁচজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় এবং চারজন নিখোঁজ হন। উদ্ধার করা পাঁচজনের মধ্যে মানফেজুল ইসলাম ও সাদ্দাম হোসেন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিখোঁজ চারজনের মধ্যে শাহরিয়ার ইসলাম এবং এস এম গোলাম রহিমের লাশ বুধবার কোস্টগার্ড সেন্ট মার্টিন থেকে উদ্ধার করে।
সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার ও উদ্ধার অভিযানের সমন্বয়কারী লে. শহিদ আল আহসান সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ওই দুই ছাত্রের সন্ধানে সেন্ট মার্টিনের পাশাপাশি টেকনাফ, শাহ পরীর দ্বীপ, কক্সবাজার, সোনাদিয়া ও কুতুবদিয়ায় ছয় দিন অভিযান চালানো হয়েছে। সাগর ও দ্বীপের কোথাও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। দুপুরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে তাঁদের সন্ধানে স্বাভাবিক টহল অব্যাহত থাকবে।