সেন্ট মার্টিনে পরিবেশ অধিদপ্তরের অভিযানে সন্ত্রাসীদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিনের সমুদ্রসৈকত দখল করে তৈরি করা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে দেয়নি স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল সেখানে উচ্ছেদ অভিযান চালাতে যায়। কিন্তু সন্ত্রাসীদের বাধার কারণে তারা পুনরায় টেকনাফে ফিরে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে পরিবেশ অধিদপ্তরের একটি দল টেকনাফ থেকে জাহাজে করে সেন্ট মার্টিনে যায়। বেলা দুইটায় দ্বীপের পশ্চিম সৈকতে অবৈধ দোকানের বৈদ্যুতিক বাতি জব্দ করতে চাইলে স্থানীয় বাসিন্দা মুফিজ আলম, হারুনুর রশিদ, মো. আক্কাস, মো. আয়াছ, রশিদ আহমদ, কবির আহমদ, ফজল করিম, হাবিবা খাতুন, রুজিনা আকতারসহ একদল সন্ত্রাসী তেড়ে এসে পরিবেশ কর্মকর্তা শরীফুল ইসলামকে আক্রমণ করে। পরে পুলিশ ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পুরো দ্বীপটি এখন অরক্ষিত হয়ে পড়েছে। উচ্ছেদ অভিযানে বাধাদানকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক আবুল কাশেম বলেন, মুফিজ আলম, হারুনুর রশিদ, মো. আক্কাস, মো. আয়াছ, রশিদ আহমদ, কবির আহমদ, ফজল করিম, হাবিবা খাতুন, রুজিনা আকতারসহ আরও নাম অজানা কয়েকজনকে হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।