সেন্ট মার্টিনে পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে ৭৫টি হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ৭৫টি হোটেল-রিসোর্টের কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ২৫টি হোটেল-রিসোর্টের মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণ করতে পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক। কিন্তু দ্বীপের ৭৫টি হোটেল-রিসোর্টের কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়নি। তিনি বলেন, সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে গতকাল ২৫টি হোটেল-রিসোর্টকে নোটিশ দেওয়া হয়েছে। এতে ২০ ফেব্রুয়ারি তাদের কক্সবাজারে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরিবেশ আইনে মামলা করা হবে। দ্বীপের অন্যান্য হোটেল-রিসোর্টকে আইনের আওতায় আনা হচ্ছে।সূত্র জানায়, নোটিশ পাওয়া হোটেল-রিসোর্টগুলো হলো: সেন্ট মার্টিন ভিলেজ রিসোর্ট, প্রিন্স হ্যাভেন, হোটেল স্যান্ডশোর, হোটেল রোজমেরি, প্রাসাদ প্যারাডাইস, সি-ব্লু, স্বপ্নবিলাস, সি-গোল্ড রিসোর্ট, আইল্যান্ড প্রাসাদ, বে অব বেঙ্গল, সেন্ট মার্টিন প্রাসাদ, হোটেল সি-ইন, নীলকমল হলিডে রিসোর্ট, ময়নামতি রিসোর্ট, গ্রিন প্রাসাদ, হোটেল জারিব রিসোর্ট, হোটেল দ্য লেগম, গ্রিনল্যান্ড রিসোর্ট, সেন্ট মার্টিন প্রবাল রিসোর্ট, জহুরা বেগম রিসোর্ট, শাহজালাল রিসোর্ট, সেন্ট মার্টিন রিসোর্ট, লাভিবা বিলাস, হোটেল সি-গাল ও শৈবাল রিসোর্ট। সেন্ট মার্টিন ভিলেজ রিসোর্টের মালিক ডি এম রাসেল ও হোটেল স্যান্ডশোরের মালিক আবদুর রহমান বলেন, পর্যটকদের সুবিধার জন্য তাঁরা নিজস্ব জমিতে হোটেল নির্মাণ করেছেন। কিন্তু পরিবেশ ছাড়পত্র নেওয়া হয়নি। সবাই যদি ছাড়পত্র নেয়, তাহলে তাঁরাও নেবেন। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, দ্বীপে বর্তমানে ৭৫টি আবাসিক হোটেল ও ৩০টি রেস্তোরাঁ রয়েছে। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছে।