সেন্ট মার্টিনে পর্যটক নেই বেকার পাঁচ হাজার মানুষ
‘পর্যটনের ভরা মৌসুমেও এই প্রবাল দ্বীপে (সেন্ট মার্টিন) কোনো পর্যটক নেই। গত বছর এ সময়ে দৈনিক ১২ হাজার পর্যটক ভ্রমণ করেছেন। শতাধিক হোটেল-রেস্তোরাঁ ছিল পর্যটকে সরগরম। আর এখন সব ফাঁকা। পুরো দ্বীপে একজন পর্যটকও নেই। গত ১৬ নভেম্বর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় এই দুরবস্থা দেখা দিয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন দ্বীপের পর্যটননির্ভর পাঁচ হাজার মানুষ।’ গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির উন্নতি না হলে এই দ্বীপের সাত হাজার বাসিন্দার জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়বে।
গতকাল কয়েকজন সংবাদকর্মী সেন্ট মার্টিন ঘুরে দ্বীপবাসীর দুরবস্থা দেখতে পান। পর্যটক না থাকায় তিন শতাধিক ভ্যানচালক বেকার জীবন কাটাচ্ছেন। এই দ্বীপে রিকশার বিকল্প হিসেবে চলাচল করে ভ্যানগাড়ি। দ্বীপের সৈকতে শতাধিক ভ্রাম্যমাণ দোকানে বেচাকেনা নেই। পর্যটক না থাকায় এক হাজারের বেশি জেলের কোটি টাকার শুঁটকি পড়ে আছে। তা ছাড়া দ্বীপের ৩৬টি আবাসিক হোটেল, ৪০টি কটেজ-বাংলোর পুরোটাই খালি পড়ে আছে। ৬০টির বেশি ছোট-বড় রেস্তোরাঁও বন্ধ এক মাস ধরে।
হোটেল সি-ব্লুর পরিচালক রহিম উদ্দিন বলেন, গত এক মাসে এই হোটেলে কোনো অতিথি আসেননি। ফলে তাঁরা সাত কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হয়েছেন। হোটেল ব্লু-মেরিনের ব্যবস্থাপক আরিফ আহমদ বলেন, পর্যটক না থাকায় ২০ দিন ধরে তাঁদের হোটেল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় জেলে কবির আহমদ বলেন, নৌকা নিয়ে সাগরে নামলেই জালে আটকা পড়ে বিপুল পরিমাণে মাছ। কিন্তু সেই মাছ কেনার লোক দ্বীপে নেই। পর্যটক থাকলে দ্বীপের রেস্তোরাঁগুলোতে দরকার পড়ে বিপুল পরিমাণ মাছ। এখন সব হোটেল বন্ধ, তাই শুঁটকি করা হচ্ছে। দাম কম বলে বহু জেলে মাছ ধরা বন্ধ রেখেছেন।
একটি জাহাজের পরিচালক ও টুর অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য আবদুর রহমান বলেন, পর্যটক না থাকায় প্রায় এক মাস ধরে পাঁচটি জাহাজ চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে ১২০টি টুরিজম প্রতিষ্ঠানের ছয় শতাধিক কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।
বর্তমানে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে লোকজন প্রয়োজনীয় কাজে দেশি নৌকা ও স্পিডবোট নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করছেন।