সেন্ট মার্টিনে পাথর উত্তোলন বন্ধ
কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে মাটি খুঁড়ে পাথর উত্তোলন গতকাল মঙ্গলবার বন্ধ করে দিয়েছে প্রশাসন।সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান দ্রুত পাথর উত্তোলন বন্ধ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। তবে পাথর তোলার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেন্ট মার্টিন দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ঊর্ধ্বতন মহলের নির্দেশে গতকাল দুপুর থেকে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে পাথর তোলা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি, পাথর বিক্রি ও পাথর দিয়ে অবকাঠামো নির্মাণের ঘটনা তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোকন চন্দ্র সাহাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার প্রথম আলোতে ‘মাটি খুঁড়ে পাথর তোলার হিড়িক, সেন্ট মার্টিনে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।পাথর বিক্রির হাট: সেন্ট মার্টিনের বিভিন্ন জায়গায় পাথর বিক্রি করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি দ্বীপের প্রতিবেশ সংকটাপন্ন সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকার মাটি খুঁড়ে তুলে আনছেন পাথর। এসব পাথর ভেঙে তৈরি করা হচ্ছে হোটেল-মোটেল ও জমির সীমানাপ্রাচীরসহ নানা অবকাঠামো। দেখা যায়, দ্বীপের দক্ষিণপাড়া, মাঝরপাড়া ও পশ্চিমপাড়াসহ বিভিন্ন স্থানে পাথর বিক্রি করা হচ্ছে। প্রতি ঘনফুট পাথর বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। এরপর এই পাথর চূর্ণ করতে প্রতি ঘনফুটে খরচ হয় আরও পাঁচ-ছয় টাকা।নাম প্রকাশ না করার শর্তে দ্বীপের এক পাথর ব্যবসায়ী জানান, হোটেল-মোটেল তৈরির জন্য বহিরাগত প্রভাবশালী ব্যক্তিদের স্থানীয় পাথরের ওপর নির্ভর করতে হয়।