সেন্ট মার্টিনে প্রবাল বিক্রি বন্ধ হচ্ছে না
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে প্রবাল, শামুক-ঝিনুক আহরণ ও বিক্রি বন্ধ হচ্ছে না। প্রতিদিন সৈকতে বিক্রি হচ্ছে প্রবাল ও শামুক-ঝিনুক। এতে দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সেন্ট মার্টিন থেকে প্রবাল, শামুক-ঝিনুক আহরণ, বিপণন ও পরিবহন নিষিদ্ধ। তারপরও রাতের বেলায় অরক্ষিত সৈকতের পাথরস্তূপ থেকে অনেকে প্রবাল এবং সৈকত থেকে শামুক-ঝিনুক আহরণ করছে।
গত ২৭ ও ২৮ জানুয়ারি দ্বীপের দক্ষিণ ও পশ্চিম অংশের সৈকত ঘুরে দেখা যায়, অনেক শিশু-কিশোর পাত্রে লুকিয়ে প্রবাল ও শামুক-ঝিনুক বিক্রি করছে। প্রতিটি প্রবাল বিক্রি হচ্ছে ২০ থেকে ১৫০ টাকায়। আর প্রতিটি শামুক ৫ থেকে ৫০ টাকায়। ভ্রমণে আসা অনেক পর্যটককে প্রবাল ও শামুক-ঝিনুক কিনতে দেখা যায়।
গত ২৮ জানুয়ারি কথা হয় প্রবাল বিক্রেতা এক কিশোরীর সঙ্গে। সে বলল, ‘পাশের বিভিন্ন দোকানে প্রবাল ও শামুক রাখি। সেখান থেকে অল্প অল্প করে এনে সৈকতে ঘুরেফিরে সেগুলো বিক্রি করি। পুলিশ দেখলে ঝামেলা করে।’ ওই কিশোরী জানায়, দুই দিনে সে আড়াই হাজার টাকার প্রবাল ও শামুক বিক্রি করেছে।
রাজশাহী থেকে ভ্রমণে আসা পর্যটক আহসান উল্লাহ বলেন, পাঁচ বছর আগে তিনি সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে সৈকতে বিপুলসংখ্যক শামুক-ঝিনুক এবং দ্বীপের তিন দিকের পাথরস্তূপে বিপুল প্রবাল দেখেছেন। এবার তার কিছুই দেখতে পাননি।
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ডালিম বড়ুয়া বলেন, সৈকত থেকে প্রবাল, শামুক-ঝিনুক আহরণ ও বিক্রি নিষিদ্ধ হলেও দরিদ্র লোকজন রাতের বেলায় সমুদ্রে নেমে প্রবাল কেটে আনছেন এবং শিশু কিশোরদের দিয়ে লুকিয়ে বিক্রি করছেন। এ পারে জনসচেতনতা দরকার।
স্থানীয় সূত্র জানায়, প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের লোকসংখ্যা প্রায় ৭ হাজার। বেশির ভাগ মানুষের পেশা মাছ ধরা। জুন, জুলাই ও আগস্ট মাসে সমুদ্র উত্তাল থাকে। তখন দ্বীপের অধিকাংশ মানুষ বেকার থাকেন। বেকার লোকজন দ্বীপের প্রবাল ও শামুক-ঝিনুক আহরণ করে কক্সবাজার শহরে পাচার করেন। সেখানে শামুক-ঝিনুক দিয়ে নানা পণ্য তৈরি করে পর্যটকদের কাছে চড়া মূল্যে বিক্রি করা হয়।
পরিবেশ অধিদপ্তর ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় সূত্রমতে, একসময় এই দ্বীপে ৬৬ প্রজাতির প্রবাল, ১৩ প্রজাতির শৈবাল, ১০১ প্রজাতির শামুক-ঝিনুক দেখা যেত। এখন বলতে গেলে তার কিছুই নেই।
সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ বলেন, প্রবাল ও শামুক-ঝিনুক আহরণ এখন অনেক কমে গেছে। সৈকতে প্রবাল ও শামুক-ঝিনুক কেউ বিক্রি করলে সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশে সোপর্দ করার নির্দশনা আছে। তবে পর্যটকেরা যেন প্রবাল ও শামুক-ঝিনুক না কেনেন, সে ব্যাপারে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজে প্রচারণা চালানো জরুরি।