সেন্ট মার্টিনে প্রসূতিসেবা না থাকায় নারীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে প্রসূতিসেবা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন অন্তঃসত্ত্বা নারীরা। এতে করে সেন্ট মার্টিন থেকে ১২৩ কিলোমিটার দূরে কক্সবাজার হাসপাতালে প্রসূতিসেবা নিতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে নারীদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেন্ট মার্টিন উপস্বাস্থ্যকেন্দ্রটিকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। এখনো হাসপাতালের জরুরি, গাইনি, সার্জারি ও মেডিসিন বিভাগে কোনো যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। চার চিকিৎসকসহ ১৫ জনের জনবল নিয়োগের কথা থাকলেও বর্তমানে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রেষণে প্রতি মাসে একজন করে চিকিৎসক আসেন। এ ছাড়া, হাসপাতালে সহকারী মেডিকেল কর্মকর্তা পদে সৈকত হাসান ছাড়া আর কেউ নেই। হাসপাতালের পিয়ন থেকে ঝাড়ুদারের সব কাজ তাঁকেই সামলাতে হচ্ছে। কখনো কোনো কাজে তিনি সেন্ট মার্টিনের বাইরে থাকলে তখন হাসপাতালটি অরক্ষিত হয়ে পড়ে। প্রতিষ্ঠার পর থেকেই গাইনি চিকিৎসক পদ থাকলেও এ পর্যন্ত কোনো চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়নি।
সহকারী মেডিকেল কর্মকর্তা সৈকত হাসান বলেন, ‘হাসপাতালের অন্তর্বিভাগ সাড়ে ছয় বছরেও চালু হয়নি। বহির্বিভাগে কিছু রোগী দেখে ওষুধ ও ব্যবস্থাপত্র দিচ্ছি। এতেও মানুষ ক্ষুব্ধ। কারণ, হাসপাতালে কোনো ধরনের যন্ত্রপাতি না থাকায় চাহিদামতো সেবা দেওয়া যাচ্ছে না। লোকবল সংকটে হাসপাতালের মূল্যবান জিনিসপত্রও চুরি হচ্ছে। যখন-তখন হাসপাতাল প্রাঙ্গণে গরু-ছাগল ঢুকে পড়ে। এসব তাড়ানোর লোকও নেই।’
সেন্ট মার্টিনের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, প্রতিষ্ঠার পর থেকে প্রায় সাড়ে ছয় বছর ধরে হাসপাতালটি সেন্ট মার্টিনে বসবাসকারী সাড়ে আট হাজার মানুষসহ পর্যটকদের কোনো কাজে আসছে না। এখানকার কোনো নারীর প্রসব বেদনা শুরু হলে ট্রলার ভাড়া করে সাগর পাড়ি দিয়ে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনো ব্যবস্থা না থাকায় ১২৩ কিলোমিটার দূরে কক্সবাজারে নিয়ে যেতে হয়। এ অবস্থায় চলতি বছরের শুরু থেকে ৬ জুলাই পর্যন্ত প্রসব বেদনায় কষ্ট পেয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন আটজন নারী।
চিকিৎসক সৈকত হাসান বলেন, মাসে ১০ থেকে ১২ জন জরুরি প্রসূতি রোগী হাসপাতালে আসেন। কিন্তু গাইনি চিকিৎসক না থাকায় জটিল প্রসূতি রোগীদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) টেকনাফ উপজেলার সাধারণ সম্পাদক এ বি এম আবুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে হাসপাতালটি চালু হলেও দ্বীপের নারীরা প্রসূতিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেন্ট মার্টিনে প্রসূতিসেবা নিশ্চিত করতে হাসপাতালে একজন গাইনি চিকিৎসক দেওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন, হাসপাতালে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি পাঠানো হলেও কোনো কাজ হচ্ছে না।