সেন্ট মার্টিনে সাগরে ভাসছে এক লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের জেটি–সংলগ্ন এলাকায় সাগরে এক ব্যক্তির লাশ দুই দিন ধরে ভাসছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাশটি উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সেন্ট মার্টিন দক্ষিণপাড়ার বাসিন্দা নবী হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকাল থেকে জেটির পূর্ব দিকের সাগরে একটি লাশ ভাসছে বলে তিনি স্থানীয় লোকজনের কাছে শোনেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি জেটি এলাকায় গিয়ে দেখেন, জেটি থেকে আনুমানিক ২০০ গজ দূরে সাগরে লাশটি ভাসছে। লাশটি একজন পুরুষের। তাঁর পরিচয় কী বা কীভাবে লাশটি এখানে এল, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। লাশটি পচে ও ফুলে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। ঝামেলায় পড়ার আশঙ্কায় স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করার সাহস পাচ্ছেন না।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপের পূর্ব সমুদ্রসৈকতে একটি লাশ ভাসার খবর পেয়ে সেটি উদ্ধার করার জন্য সকালে কয়েকজনকে পাঠানো হয়। কিন্তু লাশটি ভেসে দূরে চলে যাওয়ায় সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ওই ব্যক্তির পরনে নীল রঙের জামা, গায়ের রং উজ্জ্বল ফরসা।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, পরিচয়হীন লাশ উদ্ধার করা পুলিশের জন্য বিড়ম্বনা। পচা-গলা, দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠাতে হয়। লাশ উদ্ধার, ময়নাতদন্ত ও দাফনের প্রতিটি পর্যায়ে আর্থিক বিষয় জড়িত। লাশপ্রতি মাত্র দুই হাজার টাকা দেয় সরকার; অথচ খরচ হয় প্রায় ১০ হাজার টাকার মতো। এ ছাড়া নানা ঝামেলাও আছে। তাই বিষয়টি তাঁরা এড়িয়ে চলেন। একান্ত বাধ্য না হলে ভাসমান ও পরিচয়হীন লাশ উদ্ধারের পথে পা বাড়ায় না পুলিশ।

জানতে চাইলে সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সালাম বলেন, জেটি-সংলগ্ন সাগরে একটি লাশ ভাসছে বলে লোকমুখে শুনেছেন। তীরে এলে লাশটি উদ্ধার করা হবে।