সেন্ট মার্টিনে সাতটি প্রতিষ্ঠানকে কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশ ধ্বংস করে হোটেল-মোটেল, রেস্তোরাঁ তৈরি করায় সাতটি প্রতিষ্ঠানকে এক কোটি নয় লাখেরও বেশি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আরও ১৫টি প্রতিষ্ঠানকে। জব্দ করা হয়েছে বেশ কিছু নির্মাণসামগ্রী।গত বৃহস্পতি ও শুক্রবার পরিবেশ অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি দল সেন্ট মার্টিনে অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. সাইফুল আশরাফ জানান, সমুদ্রসৈকতসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে তৈরি এসব অবকাঠামো শিগগিরই উচ্ছেদ করা হবে।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা অনুযায়ী, প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে অবকাঠামো নির্মাণ, জমি বেচাকেনা, জীববৈচিত্র্য ধ্বংস, সামুদ্রিক প্রাণী নিধন এবং শামুক-ঝিনুক আহরণ ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।জানা যায়, বর্তমানে আট বর্গকিলোমিটারের ছোট্ট এই দ্বীপে ৩৩টি হোটেল-মোটেল, দেড় শতাধিক রেস্তোরাঁ রয়েছে। আগামী নভেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া পর্যটন মৌসুম সামনে রেখে প্রভাবশালী ব্যক্তিরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোটেল-মোটেল, রেস্তোরাঁ তৈরি করছেন।সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন জানান, সাগর উত্তাল থাকায় গত মে মাস থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তাই ওই সময় থেকে সেন্ট মার্টিনে কোনো পর্যটকের উপস্থিতি নেই। কিন্তু বহিরাগত কিছু লোক চোরাইপথে ইট, সিমেন্ট, রড নিয়ে এসে দ্বীপের বিভিন্ন স্থানে মজুদ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক দ্বীপের দুজন ইউপি সদস্য বলেন, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে দ্বীপের প্রায় সাত হাজার মানুষ চার বছর ধরে পাকা ঘরবাড়ি তৈরি করছে না। কিন্তু প্রশাসনকে পক্ষে নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা ঠিকই হোটেল-মোটেল, রেস্তোরাঁসহ নানা অবকাঠামো তৈরি অব্যাহত রেখেছেন। তাঁরা আরও জানান, প্রভাবশালী ব্যক্তিরা দ্বীপের পশ্চিমপাড়া, উত্তর ও দক্ষিণ অংশের সৈকত দখল করে শতাধিক দোকানপাট তৈরি করেন। অনেকে সৈকতের বালিয়াড়ি দখল করে তাতে স্থায়ীভাবে সীমানাপ্রাচীর, পাকা ভবন তৈরি করছেন। অনেকে মাটির নিচ থেকে বোল্ডার পাথর উত্তোলন করে এবং পরে এই পাথর চূর্ণ করে অবকাঠামোর নির্মাণকাজে ব্যবহার করছেন। এতে দ্বীপের পরিবেশ-প্রতিবেশ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা মো. জাফর আলমের নেতৃত্বে একটি দল ঝুঁকি নিয়ে সমুদ্রপথে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যায়। সেখানে ভবন ও অবকাঠামো নির্মাণযজ্ঞ দেখে দলের কর্মকর্তারা বিস্মিত হন। বৃহস্পতি ও শুক্রবার কর্মকর্তারা দ্বীপের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে এক কোটি নয় লাখ দুই হাজার ২০০ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক মো. সাইফুল আশরাফ এবং কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।অভিযানকালে ১৩৫ বস্তা সিমেন্ট, একটি জেনারেটর, ৫০ মেট্রিক টন রড ও ১০ হাজার ইট জব্দ করা হয়। ভেঙে ফেলা হয় পাঁচটি বসতবাড়ি ও তিনটি সীমানাপ্রাচীর। জব্দ করা মালামাল স্থানীয় কোস্ট গার্ডের জিম্মায় রাখা হয়েছে। এ সময় আরও ১৫টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অনেকে সমুদ্রসৈকত এবং পাশের বালিয়াড়ি ও কেয়াবন ধ্বংস করে বহুতল ভবন, হোটেল, রেস্তোরাঁ নির্মাণ করছেন। কেউ আবার খাল ও পুকুর ভরাট করে অবকাঠামো তৈরি করছেন। তাই পরিবেশের ক্ষতি করার জন্য সাতটি প্রতিষ্ঠানকে কোটি টাকা জরিমানা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈকতের পাশে একটি খাল ভরাট করে বহুতল পাকা ভবন তৈরি করায় জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মালিকানাধীন কেয়ারী মার্জান রেস্তোরাঁকে ২৬ লাখ ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদের নজরুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন চৌধুরী গ্রুপের দুটি প্রতিষ্ঠান চৌধুরী নাবিলা বিলাস ও চৌধুরী বিল্ডার্সকে ১৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা করে মোট ৩৮ লাখ ৩২ হাজার ৮০০ টাকা, ঢাকার বশির আহমেদ পান্নার মালিকানাধীন পানামা রিসোর্টকে পাঁচ লাখ ২২ হাজার ৬০০ টাকা, পুকুর ভরাট করে একটি বহুতল হোটেল নির্মাণের দায়ে স্থানীয় মৌলভি আবদুর রহমানকে ১৭ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, বহুতল একটি রিসোর্ট তৈরির দায়ে রেজাউল করিমকে এক লাখ টাকা এবং সৈকতের বালিয়াড়ি ও কেয়াবন ধ্বংস করে একটি বহুতল ভবন নির্মাণের দায়ে সৈয়দ আলমকে ২০ লাখ ৯০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল আশরাফ জানান, আজ মঙ্গলবারের (১৯ জুলাই) মধ্যে জরিমানার টাকা পরিশোধ করা না হলে ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং অবকাঠামো জব্দ করে সিলগালা করে দেওয়া হবে।