সেন্ট মার্টিনে সৈকত দখল করে শুঁটকিমহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্রসৈকতে এখন শুঁটকিমহালের ছড়াছড়ি। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সৈকতের সৌন্দর্য নষ্ট করে বেলাভূমি দখলে নিয়ে তাতে শুঁটকি প্রক্রিয়াকরণ করছেন। এতে দ্বীপের পরিবেশ ও সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছর দশেক আগেও দ্বীপে শুঁটকিমহাল ছিল ফসলি জমিতে। এখন দ্বীপের অধিকাংশ জমি বাইরের লোকজনের কাছে বিক্রি হয়ে যাওয়ায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সৈকত দখল করে শুঁটকিমহাল গড়ে তুলেছেন।সরেজমিনে দেখা গেছে, দ্বীপের সৈকতজুড়ে বিভিন্ন স্থানে শুঁটকি তৈরির জন্য মাচা এবং জেলেদের থাকার জন্য ঝুপড়ি ঘর নির্মাণ করা হয়েছে। মাচায় মাছ শুকানো হচ্ছে। সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাছের নাড়িভুঁড়ি দুর্গন্ধ ছড়াচ্ছে।এখানকার শুঁটকিশ্রমিক হামিদ হোসেন (৩৬) বলেন, ‘বেলাভূমিতে শুঁটকির জন্য কাটা মাছের নাড়িভুঁড়ি জোয়ারের পানিতে ভেসে যাবে, তাই কষ্ট করে ফেলে না দিয়ে সৈকতপাড়েই রেখে দিয়েছি।’দ্বীপের পূর্ব পাড়া, জেটি ঘাট, পশ্চিম পাড়া, উত্তর ডেইল পাড়া, অবকাশ পয়েন্ট, মেরিন পার্ক এলাকার সৈকতে শুঁটকিমহাল গড়ে উঠেছে।ঢাকার মালিবাগ থেকে আসা পর্যটক সোহেল আল-মামুন (৪২) ও শাহীনা আকতার (২৮) বলেন, ‘পাঁচ বছর আগেও এখানে বেড়াতে এসেছিলাম। সে সময় সৈকতের পরিবেশ ভালো ছিল। এখন সৈকতে হাঁটাচলা কষ্টকর হয়ে পড়েছে। সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।’শুঁটকিমহালের মালিক আবদুস শুক্কুর, শাহ আলম, নুরুল ইসলাম ও ফোরকান আহমদ বলেন, ‘বিশাল সৈকতে শুঁটকি তৈরি করছি, সেটা ঠিক। আমরা লাভবান হলেও এলাকার কিছু গরিব মানুষ এখানে কাজ করে দু-মুঠো ভাত খেতে পারছে। ’পরিবেশ অধিদপ্তর, টেকনাফের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা না বাড়লে দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশ নষ্টের আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, সৈকতে মাছ শুকানোর কারণে সৌন্দর্য নষ্টের পাশাপাশি পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, সৈকত এলাকায় শুঁটকিমহাল করায় পর্যটকদের চলাচল ব্যাহত হচ্ছে। পর্যটকদের কাছে এ দ্বীপের শুঁটকির চাহিদা বেশ। কিছু প্রভাবশালী ব্যক্তি পর্যটন-মৌসুমকে সামনে রেখে এ দ্বীপের সৈকত এলাকায় শুঁটকিমহাল তৈরি করছেন। এ ব্যাপারে শুঁটকিমহালের মালিকদের কয়েকবার নিষেধ করেও কাজ হচ্ছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘সৈকত দখল ও সৌন্দর্য নষ্ট করে মাছ শুকানোর বিষয়টি জেনেছি। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানোর জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’