সেন্ট মার্টিনেও নিযুক্ত হচ্ছে টুরিস্ট পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপেও ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি টুরিস্ট পুলিশ সৈকতের জীববৈচিত্র্য ও পরিবেশ প্রতিবেশ রক্ষা করবে। এ জন্য গত সোমবার থেকে কক্সবাজারে টুরিস্ট পুলিশের ৭০ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, পর্যটকদের সঙ্গে টুরিস্ট পুলিশের ব্যবহার কী রকম হবে, সেবার মান, নিরাপত্তা এবং সমুদ্র থেকে নিখোঁজ পর্যটকদের উদ্ধারের ব্যাপারে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী মে মাসের মাঝামাঝি প্রশিক্ষিত এই পুলিশ সদস্যদের বিভিন্ন সৈকতে নিযুক্ত করা হবে।
টুরিস্ট পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিবছর ১৫ লাখের বেশি পর্যটক ভ্রমণে আসেন। কিন্তু অসচেতনতার অভাবে এবং সৈকতের বেহাল দশায় বহু পর্যটক সমুদ্রে গোসলে নেমে হারিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে কোনো পর্যটককে যেন মৃত্যুর মুখে পড়তে না হয়—তার জন্য টুরিস্ট পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।