সেন্ট মার্টিনের ঘরে ঘরে মেসি, জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ঘরে ঘরে ভয়ংকর মেসি, জিদান, টাইগার, জেসি। এগুলো গৃহপালিত কুকুরের নাম। সকাল হলেই কুকুরের দল নেমে পড়ে দ্বীপের চারদিকের সৈকতে। খায় গভীর সাগর থেকে ভেসে আসা মরা কচ্ছপ, মাছ আর জেলি ফিশ। বালু খুঁড়ে খেয়ে ফেলে কচ্ছপের ডিম। কখনো পিছু নেয় ভ্রমণে আসা পর্যটকদের; কেড়ে নেয় হাতের খাবার।৭ জানুয়ারি বেলা তিনটায় সৈকতের উত্তর পাশে গিয়ে দেখা গেল, ছোট-বড় ১২টি কুকুর সেখানে। লাল রঙের একটি কুকুর এক নারী পর্যটককে তাড়া করল। ওই নারী বালুচর থেকে দৌড়ে পানিতে গিয়ে নামলেন এবং ‘মাগো মাগো’ বলে চিৎকার জুড়ে দিলেন। কুকুরটি একেবারে কাছে গিয়ে কামড়ানোর চেষ্টা করছে। পাশের হোটেল থেকে কর্মচারী দুলাল মিয়া ‘মেসি থাম, মেসি থাম’ বলে দৌড়ে এলেন। কুকুরটিকে নিবৃত্ত করলেন তিনি। আতঙ্কিত নারীকে অভয় দিয়ে বললেন, ‘ভয়ের কোনো কারণ নেই, ম্যাডাম। একা একা সৈকতে নামা ঠিক না। হাতের চিপস খেতে মেসি আপনাকে আক্রমণ করেছে। চিপসটি ছুড়ে দিলে এসব হতো না।’সৈকতের মাছ বিক্রেতা কবির আহমদ বলেন, সেন্ট মার্টিনের ঘরে ঘরে ১০-১২টি করে কুকুর। ঘরের মানুষ কুকুরকে খাবার দেয় না। তাই খাবারের সন্ধানে কুকুরগুলো সৈকতে বিচরণ করে।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, এই দ্বীপে ঘরবাড়ি রয়েছে এক হাজার ২১৪টি। হোটেল-রেস্তোরাঁ ১০৫টি। গত ডিসেম্বরের মাঝামাঝি এক দিনের অভিযানে ছয় শতাধিক কুকুর নিধন করা হয়েছে। আরও দুই হাজারের বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে। বরাদ্দের অভাবে বেওয়ারিশ কুকুর নিধন করা যাচ্ছে না। তবে কুকুর থেকে সাবধান থাকার জন্য পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, কুকুরের মোট সংখ্যা জানা নেই। তবে দু-তিন হাজার হতে পারে।বোট মালিক সমিতির সদস্য সৈয়দ আলম বলেন, শুধু সেন্ট মার্টিন জেটিঘাট বাজারে সাত শতাধিক বেওয়ারিশ কুকুর বিচরণ করে। পুরো দ্বীপে কয়েক হাজার তো হবেই। কিছুদিন পর মানুষের চেয়ে কুকুরের সংখ্যা বেড়ে যাবে। কারণ, প্রতিদিন জন্ম নিচ্ছে অসংখ্য কুকুর।