সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার অঙ্গীকার বাসিন্দাদের
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার অঙ্গীকার করেছে দ্বীপের বাসিন্দারা। জেলা পুলিশের আয়োজনে গতকাল রোববার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের একটি হোটেলে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বিভিন্ন পেশার কয়েক শ মানুষ হাত তুলে এ অঙ্গীকার করে। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ বলেন, ‘প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দেশের সম্পদ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ছুটে আসে। কিন্তু যেভাবে সৈকত থেকে প্রবাল-শৈবাল আহরণ করা হচ্ছে, তাতে দ্বীপের পরিবেশ নষ্ট হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। যেকোনো মূল্যে আমাদের তা রোধ করতে হবে।’বিজ্ঞানীদের তথ্যের বরাত দিয়ে আইজিপি বলেন, ‘জীববৈচিত্র্যে ভরপুর এই দ্বীপে রয়েছে ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৫৭ প্রজাতির জলজ উদ্ভিদ, ৬৬ প্রজাতির প্রবাল, ১৫৭ প্রজাতির শামুক-ঝিনুক, ২৪০ প্রজাতির মাছ, চার প্রজাতির উভচর ও ২৯ প্রজাতির সরীসৃপ। এসব সম্পদ ধ্বংস করা হলে পর্যটকেরা আর এখানে আসবে না। দ্বীপের পরিবেশও বিপর্যয়ের মুখে পড়বে।’ সেন্ট মার্টিনকে রক্ষায় দ্বীপবাসীকে অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত বাসিন্দারা হাত তুলে অঙ্গীকার করে, আজ থেকে তারা আর পাথর উত্তোলন এবং প্রবাল-শৈবাল আহরণ করবে না। তারা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে সেন্ট মার্টিনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।সভায় কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে দ্বীপবাসীর বক্তব্য জানতে চান। এ ব্যাপারে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, ‘২০০৩ সালের আগে এই দ্বীপে কোনো বহুতল ভবন ছিল না। এখন ৩০টির বেশি বহুতল ভবন রয়েছে। সরকার দ্বীপটিকে অনেক আগেই প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। তার পরও আইন লঙ্ঘন করে এতগুলো বহুতল ভবন নির্মিত হলো কী করে? পুলিশ যদি সরকারি আইনের সঠিক প্রয়োগ করে, তাহলে এখানকার পরিবেশ-প্রতিবেশ রক্ষা করা সহজ হবে।’ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, পর্যটকদের চাহিদা পূরণ করতে বহু মানুষ সৈকত থেকে প্রবাল-শৈবাল আহরণ করে। অনেকে পাথর উত্তোলন করে। জীবিকার বিকল্প ব্যবস্থা করা গেলে এসব বন্ধ হবে। স্থানীয় জেলে নূরুল আলম জানান, দ্বীপের মানুষ টেকনাফে যেতে জেটিঘাটে চাঁদাবাজির শিকার হচ্ছে। পাঁচ টাকার জায়গায় ৫০ টাকা আদায় করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করার দাবি জানান তিনি। নূর মোহাম্মদ দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন, সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ খান, এলিটা অ্যাকুয়া কালচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস সারওয়ার প্রমুখ। গতকাল দুপুরে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পৌঁছান আইজিপি। তিনি হেঁটে হেঁটে দ্বীপের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পাথর উত্তোলন, সৈকত দখল করে দোকানপাট নির্মাণ, বসতবাড়ি তৈরিসহ নানা স্থাপনা প্রত্যক্ষ করেন। পরে তিনি সেন্ট মার্টিন দ্বীপ পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আইজিপি আজ বিকেলে টেকনাফে ফিরে যাবেন।