সেন্ট মার্টিনের বড় টিকিপানচিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানির খুব কাছ দিয়ে উড়ে বেড়াচ্ছে টিকিপানচিল। সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব দিকের প্রবাল এলাকা থেকে তোলা ছবি l লেখক
পানির খুব কাছ দিয়ে উড়ে বেড়াচ্ছে টিকিপানচিল। সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব দিকের প্রবাল এলাকা থেকে তোলা ছবি l লেখক

প্রকৃতির অপার বিস্ময় ও সৌন্দর্যের লীলাভূমি বঙ্গোপসাগরের বুকের সেন্ট মার্টিন দ্বীপ। এখানকার গাছপালা, পাখপাখালি, প্রবাল, শৈবাল, শামুক-ঝিনুক, মাছ; সেই সঙ্গে সবুজ ও নীলচে টলটলে জলরাশি এবং দ্বীপে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ সহজেই মানুষের হৃদয় জয় করে নেয়।
গত শীতের শেষ দিকে সেখানে গিয়েছিলাম প্রবাল দ্বীপে বসবাসকারী পাখি প্রশান্ত শৈলাবগা দেখতে। শীতের সময় পরিযায়ী হয়ে এ পাখি আসে সেন্ট মার্টিন দ্বীপে। কয়েক বছর ধরে দ্বীপের সর্বদক্ষিণ কোণে পাখিটি দেখা গেছে। তবে গত বছর কোনো পাখি গবেষকের চোখে এটি ধরা পড়েনি।
সকালের দিকে, সমুদ্রের বুকে জোয়ারের সময় নৌকায় চড়ে পৌঁছে গেলাম ছেঁড়া দ্বীপে। সেখানে যেন দ্বীপের অপার সৌন্দর্য লুকিয়ে আছে। কেয়াগাছ, নীলচে জলের ঢেউগুলো ভেঙে যাচ্ছে প্রবালের গায়ে আছড়ে পড়ে। সেখানকার রূপ দেখতে দেখতে সমুদ্রে ভাটা শুরু হয়ে গেল।
পরিকল্পনা করলাম ছেঁড়া দ্বীপ দিয়ে হেঁটে সেন্ট মার্টিন যাব। ভাটার সময় সমুদ্রের পানি কমতে শুরু করলে দুই দ্বীপের মধ্যে সংযোগ পথ জেগে ওঠে। ভাটা শুরু হলেই সামুদ্রিক ওয়েডার ও অন্যান্য পাখি খাবার খেতে নামে। ভাটার সময় পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নানা রকম সামুদ্রিক পোকামাকড় ও কাঁকড়া জেগে ওঠে। ঘণ্টা তিনেক হেঁটে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছালাম। পথে সামুদ্রিক শৈবাল ও পাখি দেখা এবং পাখির ছবি তোলার জন্য এক ঘণ্টার বেশি লেগেছে। সেদিন প্রশান্ত শৈলাবগার দেখা না পেলেও প্রায় ২৬টি বড় টিকিপানচিলের একটি ঝাঁকের দেখা পাই।
পানচিলগুলো প্রবালের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল। তাদের কয়েকটি আবার রাজকীয় ভঙ্গিতে উড়ছিল সমুদ্রের নীল জলের একদম কাছাকাছি। অপূর্ব সে দৃশ্য।
বড় টিকিপানচিল (Great Crested Tern) উপকূল, মোহনা ও সাগরের চরে বিচরণ করে। তবে তীর থেকে দূরে থাকতে পছন্দ করে। সচরাচর ছোট বিচ্ছিন্ন দলে থাকে। প্রায়ই বাংলা টিকিপানচিলের সঙ্গে যোগ দেয়। পানির সামান্য ওপরে ওড়ে। বাতাসে ভেসে বেড়িয়ে অথবা পানিতে ঝাঁপ দিয়ে এরা খাবার সংগ্রহ করে। খাদ্যতালিকায় আছে ছোট মাছ ও চিংড়ি। খাওয়ার সময় কর্কশ গলায় ডাকে। এরা দীর্ঘ সময় উড়ে বেড়াতে অভ্যস্ত এবং প্রায়ই গভীর সাগরের ওপর উড়তে থাকে। সেন্ট মার্টিন থেকে শাহপরীর দ্বীপ ও সোনাদিয়া দ্বীপে এরা যাওয়া-আসা করে।
বড় টিকিপানচিল হলদে ঠোঁট ও কালচে ডানার সামুদ্রিক পাখি। দেহের দৈর্ঘ্য ৫৩ সেন্টিমিটার আর ডানা ৩৬ সেন্টিমিটার। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহের সামান্য কিছু অংশ ছাড়া পিঠ কালচে ধূসর, দেহের নিচের দিক সাদা। প্রজননকালে ঠোঁটের ওপরের অংশের কপাল সাদা, পুরো মাথার চাঁদি ও ঘাড়ের পেছনটা কালো দেখায়। মাথার পেছনে অসমান কালো ঝুঁটি থাকে। প্রজননের সময় ছাড়া মাথার চাঁদিতে সাদা তিল থাকে। লম্বা ডানা ও খাটো লেজটির মাঝামাঝি অংশ ধূসর ঠোঁট হালকা পীত থেকে সবুজে লেবু-হলুদ। চোখ কালচে বাদামি। পা ও পায়ের পাতায় কিছুটা বাদামি-কালোর মিশ্রণ। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন।
প্রজননের সময় বড় টিকিপানচিল বড় দলে থাকে। একটি দলে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ জোড়া পাখি থাকে। এপ্রিল-জুন মাসে সাগরের তীর থেকে দূরের দ্বীপে বালুর প্রাকৃতিক গর্তে কিংবা মৃত প্রবালের মধ্যে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিম সাদা থেকে হালকা পীত বর্ণের বা স্যামন বেগুনি। সংখ্যায় এক-দুটি। ২১-২৩ দিনে ডিম ফুটে ছানা বের হয়। বড় টিকিপানচিল বাংলাদেশের বিরল পরিযায়ী পাখি। শীতে চট্টগ্রাম বিভাগের উপকূলেও এদের দেখা মেলে।