সেন্ট মার্টিনের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না
একমাত্র হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতি না থাকায় একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের প্রায় ১৫ হাজার অধিবাসী ন্যূনতম চিকিৎসাসেবা পাচ্ছে না। চারদিকে সাগরের নীল জলরাশিঘেরা এই দ্বীপে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার পর্যটক। কেউ অসুস্থ হয়ে পড়লে তারাও অসহায় হয়ে পড়ে।২০০২ সালে ৫৪ একর জমিতে ছয় কোটি টাকা ব্যয়ে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু ও ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি সেটির উদ্বোধন করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়নি। জরুরি বিভাগ, ডেন্টাল বিভাগ, গাইনি বিভাগ, সার্জারি ও মেডিসিন বিভাগে কোনো যন্ত্রপাতি ও চিকিৎসক নেই। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালটি এখন মাদকসেবী ও গরু-ছাগলে আবাসস্থলে পরিণত হয়েছে। লোকবল বলতে পুরোনো ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সেবক, পিয়ন, বয়, টেকনেশিয়ান, গুদামরক্ষক ও আয়া। হাসপাতাল সূত্রে জানায়, ১০ শয্যার হাসপাতালে চিকিৎসকের চারটি পদ থাকলেও তিনটিই শূন্য। নার্সে সবকটি এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান দুটি, ফার্মাসিস্ট দুটি, ওয়ার্ডবয় ছয়টি, এমএলএসএস পাঁচটি পদ শূন্য। একমাত্র চিকিৎসক যন্ত্রপাতি ছাড়াই চিকিৎসা দিতে গিয়ে নানা সমস্যায় পড়েন। তিনি কোনো কাজে জেলা সদর কিংবা ছুটিতে গেলে বন্ধ হয়ে যায় হাসপাতালটি। হাসপাতালে বিদ্যুৎ, পানি, আবাসন ও নৌযান নেই। ৭৪ লাখ টাকার একটি জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় সেটি নষ্ট হয়ে যাচ্ছে।এলাকাবাসী জানান, দ্বীপ থেকে ৩৪ কিলোমিটার দূরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়া সব সময় সম্ভব হয় না। তাঁরা আরও জানান, কিছুদিন আগে দুজন চিকিৎসক নিয়োগ দেওয়ার পর তাঁরা অন্যত্র বদলি হয়ে চলে গেছেন। এদিকে দ্বীপে বেড়াতে আসা পর্যটকেরা চরম বিপদে পড়লেও চিকিৎসা নিতে পারেন না। গত ৭ ফেব্রুয়ারি ঢাকা কলেজের ১৫২ জন ছাত্র-শিক্ষক এখানে আসেন। ওই দিন বেলা তিনটার দিকে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে চার ছাত্র সাগরে ভেসে যান। পরে তাঁদের উদ্ধার করা হলেও চিকিৎসার অভাবে সাখাওয়াত হোসেন জিতু (২২) নামের একজন মারা যান।সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ খান বলেন, দ্বীপবাসী ও পর্যটকদের চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতালটি নির্মাণ করা হলেও এটি কোনো কাজে আসছে না। একমাত্র চিকিৎসক জয় দত্ত বড়ুয়া বলেন, এখানে কোনো ধরনের অস্ত্রোপচার করা যায় না। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সব সময় রোগী দেখা সম্ভব হয় না। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, লোকবল নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে। টেকনাফ থেকে তিন মাস পর পর প্রেষণে চিকিৎসক পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।