সেন্ট মার্টিনের সৈকত দখল করে স্থাপনা
পর্যটন মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রতিবেশ সংকটাপন্ন সৈকত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। ইতিমধ্যে সৈকতের পশ্চিম, উত্তর ও পূর্বাংশে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট তৈরি করে ব্যবসা করা হচ্ছে। অনেকে সৈকতের বালুচর দখল করে তৈরি করছেন হোটেল-মোটেলসহ নানা অবকাঠামো। এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা নেই। যদিও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধিত ২০১০-এর ৭ ধারার প্রতিবেশগত সংকটাপন্ন এই দ্বীপে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ, জমি বেচাকেনা, জীববৈচিত্র্য ধ্বংস, সামুদ্রিক প্রাণী নিধন, শামুক-ঝিনুক আহরণ ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় লোকজন জানান, ঈদের কয়েক দিন আগে দ্বীপের কিছু প্রভাবশালী ব্যক্তি শ্রমিক নিয়োগ করে সৈকতের বিভিন্ন অংশ দখল করে তাতে অর্ধশতাধিক দোকানপাট তৈরি করেন। এসব দোকানে এখন শুঁটকি, ডাব, নানা ধরনের খাবার ও মালামাল বেচাকেনা হচ্ছে। সৈকতের যত্রতত্র অবৈধ দোকানপাট তৈরির ফলে দ্বীপের সৈকত সংকুচিত হয়ে পড়ার পাশাপাশি ভ্রমণে আসা পর্যটকদের হাঁটাচলায় সমস্যা দেখা দিচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, ঈদের দ্বিতীয় দিন থেকে একটি জাহাজ ও কয়েকটি ট্রলারে করে দৈনিক কয়েক শ পর্যটক সেন্ট মার্টিনে আসছেন। পর্যটকের আগমন এবং বেচাবিক্রির স্বার্থে সৈকতে কিছু দোকানপাট তৈরি হলেও এসব কারা করেছে, তা তাঁর জানা নেই। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব জানান, প্রতিবেশ সংকটাপন্ন এই প্রবাল দ্বীপের সৈকত দখল করে এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বহু স্থাপনা তৈরি হচ্ছে। শিগগিরই অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হবে। দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় সাত হাজার মানুষ দীর্ঘ পাঁচ বছর ধরে ঘরবাড়ি তৈরি করতে পারছে না। ভাঙা ঘরবাড়িতে বাসিন্দাদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে। অথচ বহিরাগত প্রভাবশালীরা নিষেধাজ্ঞা অমান্য করে ঠিকই হোটেল-মোটেল, বাংলো-রেস্তোরাঁসহ নানা অবকাঠামো তৈরি অব্যাহত রেখেছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘সৈকতের উভয় পাশের অধিকাংশ জমিই খাস। কিছু ব্যক্তি এই খাসজমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছেন বলে খবর পাচ্ছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’