সেন্ট যোসেফ বিদ্যালয়ে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে। এ বছর বিজ্ঞানমেলার স্লোগান ছিল ‘উন্নত জীবন ও বিশ্বের জন্য আবহাওয়া পরিবর্তন’। এবারের মেলায় ৮০০-এর বেশি শিক্ষার্থী ৪৩৪টি প্রকল্প প্রদর্শন করে।সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা বলেন, পরিবেশের ওপর মানুষের নির্বিচার হস্তক্ষেপের কারণে পৃথিবী তার স্বাভাবিকতা হারাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নসহ জলবায়ুজনিত ক্ষতিকর পরিবর্তনের ফলে হুমকির মুখে রয়েছে বাংলাদেশের মতো দেশগুলো। এ ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। এ বছরের বিজ্ঞানমেলায় তাই এ বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।বিজ্ঞানমেলায় অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞানবিষয়ক ছবি আঁকার প্রতিযোগিতা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে ১৯ মার্চ।গত বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ। এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, উপাধ্যক্ষ ব্রাদার নিপু হিউবার্ট রোজারিও এবং বিদ্যালয়ের সিনটিলা সায়েন্স ক্লাবের প্রধান সঞ্চালক শুভঙ্কর দত্ত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।