সেন্ট স্কলাস্টিকা বিদ্যালয় শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীর সঙ্গে এক নির্মাণশ্রমিকের অশোভন আচরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামের পাথরঘাটায় সেন্ট স্কলাস্টিকা বিদ্যালয় শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে অভিভাবকেরা বিক্ষুব্ধ হয়ে আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শনিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে নিয়োজিত এক শ্রমিক এক ছাত্রীর পথরোধ করে তার সঙ্গে অশোভন আচরণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী নিজেই বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে অভিযুক্ত শ্রমিককে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে অভিভাবকেরা বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পুলিশ ও স্থানীয় দুই কাউন্সিলর সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ওই শ্রমিকের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিভাবকেরা তাঁদের কাছে মৌখিক অভিযোগ করেছেন বলেও জানান ওসি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অভিভাবকদের বিক্ষোভের খবর পেয়ে ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ ও পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল ঘটনাস্থলে যান। তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর শনিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ ব্যাপারে কাল বুধবার একটি বৈঠক হবে বলে জানিয়েছেন দুই কাউন্সিলর।
কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল ও হাসান মুরাদ প্রথম আলোকে বলেন, অভিভাবকেরা ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অশোক কুমার দাশ নামে এক অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের চেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করে। আগে কখনো টিফিন দেওয়া না হলেও গত সোমবার দুপুরে ছাত্রীদের টিফিন দেওয়া হয়। আমাদের কাছে পড়ালেখার চেয়ে মেয়েদের জীবনের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকেরা বিক্ষোভ করেছেন।’
এদিকে বিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বে থাকা সিস্টার প্রভা মেরির সঙ্গে আজ বিকেলে কথা বলতে চাইলে তিনি এই ঘটনা নিয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি।