সেন্টমার্টিন থেকে ফেরার পথে আটকা পড়ে জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার পথে সাগরে ডুবোচরে সাড়ে তিন ঘণ্টা আটকা পড়েছিল পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়া। ওই জাহাজে ১২০০ পর্যটক রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে জাহাজটি আটকা পড়ে বলে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। পরে জোয়ার এলে জাহাজটি চলতে শুরু করে।

জাহাজ কর্তৃপক্ষ সূত্র জানায়, সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটক নিয়ে জাহাজটি সেন্ট মার্টিন যায়। পরে বিকেলে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে বঙ্গোপসাগর ও নাফনদী মোহনা বদরমোকাম সংলগ্ন এবং মিয়ানমারের উপকূলের নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবোচরে আটক পড়ে। টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ৩৪ কিলোমিটারের মধ্যে একাধিক ডুবোচর জেগে ওঠায় বারবার এ ঘটনা ঘটছে।

ওই জাহাজের থাকা চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সোহেল হাবিব মুঠোফোনে প্রথম আলোকে জানান, জাহাজটি ডুবোচরে আটকা পড়লে আতঙ্কে জাহাজে থাকা পর্যটকেরা বিশেষ করে নারী ও শিশুরা অনেকে ভয়ে কান্নাকাটিও করছেন। জাহাজে অতিরিক্ত যাত্রী ও নাবিকের অদক্ষতার কারণে জাহাজটি ডুবোচরে আটকা পড়েছে। এতে প্রায় ১২০০ পর্যটক রয়েছে।

এলসিটি কুতুবদিয়া জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মো. আজিজ বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ডুবোচরে জাহাজটি আটকা পড়ে। সন্ধ্যা সাতটার দিকে জোয়ার এলে জাহাজটি আবার যাত্রা শুরু করে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এর আগেও চলতি মাসের ১০ তারিখ একই এলাকায় এলসিটি কুতুবদিয়া ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে দুটি জাহাজ ৪ ঘণ্টা আটকা পড়েছিল।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, নাবিকের অদক্ষতার কারণে জাহাজটি ডুবোচরে আটকা পড়েছে। এ ব্যাপারে পর্যটক হয়রানির অভিযোগে জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।