সেন্টার অব এক্সিলেন্সে ৬ বছরে ৭টি গবেষণা প্রবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র ‘সেন্টার অব এক্সিলেন্স’ প্রতিষ্ঠার উদ্দেশ্য পূরণ হচ্ছে না। কেন্দ্রটির সহায়তায় ছয় বছরে মাত্র সাতটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিদেশি গবেষকদের জন্য পরীক্ষাগার এবং থাকা-খাওয়ার জায়গা থাকলেও ছয় বছরে এখান থেকে তাঁদের কোনো গবেষণা নেই। সেন্টার অব এক্সিলেন্সে ১১টি বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য পরীক্ষাগার রয়েছে। এর ভবনের পুরো একটি তলাজুড়েই রাখা হয়েছে ক্যাফেটেরিয়া এবং ছয়টি অতিথিকক্ষ। ভবনটির প্রতি তলার আকার ১০ হাজার বর্গফুট। বিদেশি গবেষকেরা নিয়মিতই এখানকার অতিথিকক্ষে থাকেন। মূল কাজ তেমন একটা হচ্ছে না বলে দৃশ্যত গবেষণায় সহায়তা দেওয়ার চেয়ে শিক্ষকদের খাবার আর অতিথিদের থাকার জায়গা হিসেবেই বেশি ব্যবহূত হচ্ছে এ প্রতিষ্ঠানটি। ক্যাফেটেরিয়া আর অতিথিকক্ষের আকারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রের কর্মকর্তারাই।২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, কেন্দ্রের সহায়তা নিয়ে গত ছয় বছরে মাত্র সাতটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পদার্থবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, প্রাণরসায়ন বিভাগের অধীনে এসব গবেষণা করা হয়। কিন্তু প্রতিষ্ঠার ছয় বছরে বিদেশি কোনো গবেষক কেন্দ্রের সহায়তা কাজে লাগিয়ে গবেষণা করেননি। এ ব্যাপারে সেন্টার ফর এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক মুহিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখনো বেশ কিছু যন্ত্রপাতির অভাব রয়েছে। এ বছর যন্ত্রপাতির ব্যবস্থা হয়ে যাবে। তখন গবেষণার সংখ্যা বাড়বে।’ তিনি জানান, এ পর্যন্ত সাতটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তবে এসব গবেষণা থেকে বিভিন্ন সময় আরও থিসিস ও গবেষণা হয়েছে। গবেষণাকেন্দ্রের সহায়তায় কিংবা সেখানে থেকে বিদেশি গবেষকরা কোনো গবেষণা করেননি বলে নিশ্চিত করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর সম্পূরক হিসেবে ২০০৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। কেন্দ্রের পরীক্ষাগার ও সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে গবেষণায় সহায়তা এবং নতুন নতুন বৈজ্ঞানিক ধারণা ও উদ্যোগ নিয়ে বিদ্যমান জ্ঞানের প্রসার ঘটানো ছিল এটি প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য।গবেষণাকেন্দ্রটিতে ক্যাফেটেরিয়া ও অতিথিকক্ষ ছাড়াও আছে প্রায় চার হাজার বর্গফুট আয়তনের একটি কনফারেন্সরুম। যার তত্ত্বাবধানে ভবনের নকশা করা হয় তখনকার সেই সহ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার প্রথম আলোকে বলেন, বিশ্বের অনেক দেশেই ‘সেন্টার অব এক্সিলেন্সে’ অতিথিদের থাকার জন্য কক্ষের ব্যবস্থা রাখা হয়। গবেষণা কেন্দ্রের একটি সূত্র জানায়, কেন্দ্রের পরিচালক অতিথিকক্ষ তিন তলা থেকে দুই তলায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তার যুক্তি ছিল, অতিথিকক্ষ ও ক্যাফেটেরিয়ার প্রবেশপথ আলাদা হলে গবেষণাগারের সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু সংশ্লিষ্ট কমিটি প্রস্তাবটি গ্রহণ করেনি। এ ব্যাপারে ওই কমিটির প্রধান সহ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, প্রস্তাবটি বাস্তবায়ন করতে অবকাঠামোগত পরিবর্তন করতে হবে। তবে ক্যাফেটেরিয়া ও অতিথিকক্ষগুলো আলাদা করতে শিগগিরই কাজ শুরু করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে অনুরূপ প্রতিষ্ঠানে বিদেশি গবেষকদের থাকার জন্য অতিথিকক্ষ থাকে বলে জানান তিনি।