সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সম্মাননা পেলেন নাজমা চৌধুরী

দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদানের জন্য শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরীকে সম্মাননা দিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নাজমা চৌধুরীকে এই সম্মাননা দেওয়া হয়। নাজমা চৌধুরীর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। তাঁর সম্পাদিত বই উইমেন অ্যান্ড পলিটিকস ওয়ার্ল্ডওয়াইড ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পুরস্কৃত হয়। তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাঁকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। ২০০৮ সালে তিনি ভূষিত হন একুশে পদকে।
গতকাল সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি নাজমা চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ও তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। তিনি তাঁর বক্তব্যে নাজমা চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, নাজমা চৌধুরীকে সম্মাননা দেওয়ার এই সিদ্ধান্ত শুধু দেশের নারীশিক্ষার ক্ষেত্রে নয়, নারীর সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখবে।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির পক্ষ থেকে নাজমা চৌধুরীকে দেওয়া মানপত্র পাঠ করে শোনান অনুষ্ঠানের সঞ্চালক এবং ইউনিভার্সিটির সোশিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন মালেকা বেগম। মানপত্রে নাজমা চৌধুরীকে দেশের নারীশিক্ষা ও নারী আন্দোলনের অন্যতম অগ্রপথিক হিসেবে অভিহিত করে বলা হয়, নাজমা চৌধুরীর জীবন ও শিক্ষাক্ষেত্রে অবদান অগণিত মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করেছে। এমন একজন গুণী ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি পরিবার গর্বিত।
অনুষ্ঠানে নাজমা চৌধুরীর পক্ষে তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক। লিখিত বক্তব্যে নাজমা চৌধুরী সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রতিষ্ঠায় বেগজাদী মাহমুদা নাসিরের অক্লান্ত প্রয়াসের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ‘নারীশিক্ষার বিস্তারে প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার প্রবর্তন বেগজাদী মাহমুদা নাসিরকে বেগম রোকেয়ার অনেক কাছাকাছি নিয়ে এসেছিল। নারীশিক্ষার প্রসার ঘটানোর কাজে নিয়োজিত এই কর্মী নারী ব্যক্তিত্বের সঙ্গে আমার এই সম্মাননা প্রাপ্তির যোগসূত্র যতই ক্ষীণ হোক না কেন, এটাকে আমি অনেক মর্যাদাপূর্ণ ও গুরুত্ববহ মনে করি।’ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর পরামর্শ দেন।
অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে ছিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। সূচনা বক্তব্য দেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ফিরদৌস আলী। সভাপতিত্ব করেন উপাচার্য পারভীন হাসান। সমাপনী বক্তব্যে তিনি নাজমা চৌধুরীর সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের স্মৃতিচারণা করেন।