সেন্ট্রাল প্লাজার নেই অগ্নিনিরাপত্তার ছাড়পত্র, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিসের কাছ থেকে অগ্নিনিরাপত্তার ছাড়পত্র না নেওয়ায় নগরের অন্যতম অভিজাত বিপণিকেন্দ্র সেন্ট্রাল প্লাজাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপণিকেন্দ্রটিতে ছাড়পত্র নেওয়ার জন্য এক মাস সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জিইসি মোড়ের এই বিপণিকেন্দ্রে অভিযান চালানো হয়।

গত বছরের ২৮ জুন সেন্ট্রাল প্লাজায় আগুন লেগে ৩৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় হাসান নামের এক দোকান কর্মচারী আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা যান। সেন্ট্রাল প্লাজায় ১৬২টি দোকান রয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকার গুলশানে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বিপণিকেন্দ্রগুলোর অগ্নিনির্বাপণ-ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও সাবরীনা রহমান। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া উপস্থিত ছিলেন। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, এই মার্কেটে সাম্প্রতিক সময়ে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এরপরও ভবনের মালিক সতর্ক হননি। আপাতত তাঁদের এক লাখ টাকা জরিমানা ও এক মাসের সময় বেঁধে দেওয়া হলো। এর মধ্যে ছাড়পত্র না নিলে পরবর্তী সময়ে আরও কঠোর শাস্তি দেওয়া হবে।

এ বিষয়ে সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেইন সাংবাদিকদের বলেন, ভবনের মালিক চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরলে ভবনের অগ্নিনিরাপত্তার ছাড়পত্র নেওয়ার কার্যক্রম শুরু হবে। এমনিতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রতিটি ফ্লোরে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে।

এর আগে নগরের তামাকুমণ্ডি লেনের বিপণিকেন্দ্রগুলোতে অভিযান চালাতে যান ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সেখানকার প্রতিটি বিপণিকেন্দ্র ও দোকানই অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত কাউকে শাস্তি দিতে পারেননি ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, তামাকুমণ্ডি লেনে ১১০টির মতো ছোট ছোট বিপণিকেন্দ্র রয়েছে। এগুলোতে অন্তত তিন হাজার দোকান আছে। কোনো ভবনেই অগ্নিনিরাপত্তার কোনো বালাই নেই। কাকে ছেড়ে কাকে জরিমানা করব! আপাতত সিদ্ধান্ত হয়েছে ভবন মালিক ও ব্যবসায়ী সমিতির নেতাদের জেলা প্রশাসনে ডাকা হবে। বৈঠক করে তাঁদের একটা সময় বেঁধে দেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, তামাকুমণ্ডি লেনে কাপড়, জুতা, ইলেকট্রনিক সরঞ্জামের দোকান বেশি। প্রতিটি গলি খুবই সরু। সেখানে কোনো গাড়ি ঢোকার উপায় নেই। অনেকগুলো ভবনেরই নকশা অনুমোদিত নেই। কোনো ভবনের অগ্নিনিরাপত্তার ছাড়পত্র নেই। বিদ্যুতের লাইনগুলোও ঝুঁকিপূর্ণভাবে খোলা অবস্থায় রাখা আছে। পুরো তামাকুমণ্ডি লেনে পানির কোনো উৎসও নেই।