সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় বিএমএর মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাঙচুর এবং চিকিৎসকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সারা দেশে চিকিৎসকেরা কর্মস্থলে কালোব্যাজ ধারণ করবেন। পাশাপাশি বিএমএ নেতারা স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন।

গতকাল রোববার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় বিএমএ এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়।

বিএমএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতরের ছুটির আগের দিন পর্যন্ত এ কর্মসূচি চলবে। আগামীকাল মঙ্গলবার এ নিয়ে বিএমএ সংবাদ সম্মেলন করবে। বিএমএ ৪ জুন চিকিৎসক ও হাসপাতালের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা, ৬ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। ৩ জুলাই বিএমএর সব শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সমন্বয় সভার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

১৮ মে ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা হয়। চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে নয়জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ। ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পর প্রক্টর মামলা তুলে নেওয়ার ঘোষণা দেন।