সেপটিক ট্যাংক কেড়ে নিল দুটি প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পৌর শহরের টাউন কলোনি এলাকায় আবুল কালামের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ তাঁকে আটক করেছে। এ ছাড়া উদ্ধারকাজে গিয়ে অসুস্থ হয়ে পড়া স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওই দুই নির্মাণশ্রমিক হলেন উপজেলার বিলনথার গ্রামের জহুরুল ইসলাম (৩০) ও নলডিঙ্গি গ্রামের সাগর রহমান (২২)। ময়নাতদন্তের জন্য লাশ দুটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল সাড়ে আটটার দিকে নির্মাণশ্রমিকের একজন প্রথমে ওই ট্যাংক পরিষ্কার করতে নিচে নামেন। তিনি ভেতর থেকে উঠে না এলে অপর শ্রমিক চিৎকার করতে থাকেন। এ সময় ওই শ্রমিকও ট্যাংকের ভেতরে ঢোকেন। তাঁদের দুজনের কেউ উঠে না এলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।

উদ্ধারকাজে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, ১০ ফুট গভীর ও প্রায় চার ফুট প্রস্থের নির্মাণাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের ওপরে মুখ আটকা ছিল। এতে ট্যাংকের ভেতরে বিষক্রিয়া ঘটে। ওই দুই নির্মাণশ্রমিক ট্যাংকের মুখ খুলে নিচে নেমে ঢালাইয়ের সাঁটার খুলতে গেলে তাঁরা বিষক্রিয়ায় মারা যান। দুজনের লাশ উদ্ধার করে তিনি ট্যাংকের ওপরে উঠে এলে তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর সহকর্মীরা তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এখন তিনি কিছুটা সুস্থ বলে জানালেন।

বাড়ির মালিক আটক আবুল কালাম বলেন, স্থানীয় নির্মাণশ্রমিক রতন মিয়ার মাধ্যমে তিন তলা বাড়ির নকশা করে প্রায় দেড় মাস আগে তিনি নির্মাণকাজ শুরু করেন। আজ সকালে ওই দুই শ্রমিক যখন কাজ করছিলেন, তখন তিনি সিমেন্ট কিনতে বাসস্ট্যান্ডে গিয়েছিলেন।

শেরপুর পৌরসভার সহকারী উপ-প্রকৌশলী হুমায়ন কবির বলেন, এই বাড়ি বানানোর বিষয়ে পৌরসভার কোনো অনুমোদন নেই।