সেপটিক ট্যাংক গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও সাত শ্রমিক। আজ সোমবার দুপুরে সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন পটুয়াখালী জেলার তালি তাবুনিয়া কলাপাড়া এলাকার শাহাবুদ্দিন (৩৮), মাছুয়াখালী খেপুপাড়া এলাকার আলমাছ (২৮) ও ইব্রাহিম।
অসুস্থ শ্রমিকদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা দুইটার দিকে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজে (লবণ কারখানা) সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ১০ শ্রমিক। এ সময় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ওই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন ও আলমাছকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় ইব্রাহিম, জাহাঙ্গীর, অলি ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাহমিনা নাজনীন বলেন, বিষাক্ত গ্যাস শ্বাসনালিতে চলে যাওয়ায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।