সেপটিক ট্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার
বগুড়ার শেরপুর থানার পুলিশ উপজেলার কাফুড়া পূর্বপাড়া গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে আল মাসুদ (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার লাশটি উদ্ধার করে। এদিকে পুলিশ পৌঁছার আগেই সেপটিক ট্যাংকের বাড়ির মালিক মো. জিয়া পালিয়ে যান।
নিহত মাসুদের বাবা একই গ্রামের আলমগীর হোসেন অভিযোগ করেন, প্রতিবেশী জিয়ার সঙ্গে দুই শতক জমি নিয়ে তাঁদের বিরোধ ছিল। এ নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে ১৫ দিন আগে জিয়া ও জিয়ার পরিবারের লোকজনের ঝগড়াও হয়। এরপর গত শনিবার থেকে আর ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। গতকাল ট্যাংকের পাশ দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে লোকজনের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
থানার পুলিশের উপপরিদশক (এসআই) আবু জাররা বলেন, নিহতের শরীরে রক্তপাত বা আঘাতের কোনো চিহ্ন নেই। শ্বাসরোধে হত্যার পর লাশ ট্যাংকের ভেতরে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। জিয়াসহ তাঁর পরিবারের সবাই পলাতক।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, জিয়াকে আটক করা গেলে মৃত্যুর রহস্য উন্মোচিত হবে। তাঁকে আটকের জোর চেষ্টা চলছে।