সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার
নিখোঁজের ১০ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া গ্রামের এক গৃহবধূর লাশ গতকাল সোমবার দুপুরে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। গৃহবধূর নাম রহিমা বেগম। তিনি সাটিয়াচড়া গ্রামের মো. লিয়াকত হোসেনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রহিমা বেগম (৫০) ১৩ জানুয়ারি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ছেলে ওয়াসিম মিয়া ১৫ জানুয়ারি মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রহিমার মেয়ে চায়না বেগম গতকাল সকালে সেপটিক ট্যাংকের কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে ঢাকনা সরিয়ে ট্যাংকের ভেতরে উঁকি দিয়ে মায়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জানতে চাইলে ওয়াসিম মিয়া বলেন, প্রায় এক বছর আগে পাশের কাটরা গ্রামের দুই ব্যক্তি তিন লাখ টাকা নিয়ে তাঁকে কাতার পাঠান। সেখানে আড়াই মাস চাকরির পর তাঁকে দেশে ফিরে আসতে হয়। দেশে ফেরার পর ওই দুই ব্যক্তির কাছে টাকা ফেরত চান। এ নিয়ে তাঁদের সঙ্গে প্রায়ই বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে তাঁর মাকে কে বা কারা হত্যা করেছেন তা ভেবে পাচ্ছেন না।
বিকেল সোয়া পাঁচটার দিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।