সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সেপটিক ট্যাংকে আটকে পড়ে দুজন নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় শেরপুর পৌর শহরের টাউন কলোনি এলাকায় আবুল কালামের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই দুজন নির্মাণশ্রমিক হলেন উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনথার গ্রামের শাজাহান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০) ও নলডিংগী গ্রামের এমদাদুল হকের ছেলে সাগর রহমান (২২)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নির্মাণাধীন বাড়ির মালিক আবুল কালামকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গতকাল দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এক নারী নাম না প্রকাশ করার শর্তে বলেন, সকাল সাড়ে আটটার দিকে নির্মাণশ্রমিকদের একজন প্রথমে ওই ট্যাংক পরিষ্কার করতে ভেতরে নামেন। দীর্ঘ সময় পার হলেও তিনি আর উঠে না এলে অপর শ্রমিকও ট্যাংকের ভেতরে প্রবেশ করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, নির্মাণাধীন ভবনে ১০ ফুট গভীর ও প্রায় চার ফুট প্রস্থের ওই সেপটিক ট্যাংকের ওপরে মুখ আটকানো ছিল। এতে ট্যাংকের ভেতরে বিষক্রিয়া ঘটে। ওই দুই নির্মাণশ্রমিক ট্যাংকের মুখ খুলে নিচে নেমে ঢালাইয়ের সাঁটার খুলতে গেলে বিষক্রিয়ায় তাঁরা মারা যান।