সেপটিক ট্যাংকে গ্যাস বিষক্রিয়ায় দুই ছাত্রসহ পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় দুই ছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের বাকপ্রতিবন্ধী আনোয়ার হোসেনের ছেলে নির্মাণশ্রমিক সাজ্জাদ মিয়া (১৩), তার চাচা গ্রামপুলিশ আবদুস সামাদ (৩৫), মো. নুরুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (১৬), ফজল মিয়ার ছেলে আয়নাল মিয়া (২৫) ও রুহু মিয়ার ছেলে নির্মাণশ্রমিক রুবেল মিয়া (২০)। তাঁদের মধ্যে সাজ্জাদ কুর্ণী জালালউদ্দিন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। শফিকুল মির্জাপুর আফাজউদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার দশম শ্রেণীতে পড়ে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ইচাইল গ্রামের কুয়েতপ্রবাসী বজলুর রহমান ও ফজলুর রহমান একতলা ভবন নির্মাণ করছিলেন। প্রায় ১৫ দিন আগে ভবনের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। সেপটিক ট্যাংকের ভেতর থেকে ঢালাইয়ের কাজে ব্যবহূত বাঁশ ও কাঠের তক্তা খুলে আনতে গতকাল সকাল আটটার দিকে সাজ্জাদ মইয়ের সাহায্যে নিচে নামে। নামার পর সে কোনো কথা না বলে হাত-পা নাড়তে থাকে। এ দৃশ্য দেখে নির্মাণশ্রমিক রুবেল পাশের মুদি দোকানদার আবুল কাশেমকে ডেকে আনেন। একপর্যায়ে রুবেলও ট্যাংকির ভেতরে নেমে অচেতন হয়ে পড়েন। এ সময় কাশেমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ভাতিজার অচেতন দেহ পড়ে থাকতে দেখে আবদুস সামাদ ট্যাংকির ভেতরে ঢোকেন। তিনিও অচেতন হয়ে যান। পরে তাঁদের উদ্ধারের জন্য আয়নাল ও শফিকুল ট্যাংকির ভেতরে নামলে তাঁরাও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সকাল সাড়ে নয়টার দিকে টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও অক্সিজেন কিংবা স্মোক ইজেক্টার (ধোঁয়া বের করার যন্ত্র) না থাকায় উদ্ধারকাজে বিলম্ব হয়। এতে ক্ষুব্ধ হয়ে বেলা ১১টার দিকে গ্রামবাসী তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গ্রামবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা সেপটিক ট্যাংকটির ছাদ ও দেয়ালের কিছু অংশ ভেঙে একে একে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম, ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী ও প্যানেল চেয়ারম্যান সহিদুল মৃধা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। সাজ্জাদ ও শফিকুলের মৃত্যুর ঘটনায় গতকাল তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সাজ্জাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মিয়া বলেন, সাজ্জাদ কাজ করে নিজের লেখাপড়ার খরচ জোগানোর পাশাপাশি সংসারেও কিছু দিত। এ জন্য সে মাঝে মাঝে স্কুলে আসত না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে পচা পানি ও সিমেন্টমিশ্রিত আবর্জনা থাকায় কার্বন ডাই-অক্সাইড ও মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছিল। সেই বিষাক্ত গ্যাসের কারণে ওই পাঁচজনের মৃত্যু হয়েছে। প্যানেল চেয়ারম্যান সহিদুর মৃধা জানান, ওই পাঁচজনের দাফন ও আনুষঙ্গিক খরচ ভাদগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হবে।