সেপটিক ট্যাংকে ছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রত্নবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাশেদুল হাসান ওরফে শিহাব (৯) নামের ওই ছাত্র রত্নবতী মাইলস্টোন প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ত।এ ঘটনায় পুলিশ চার স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রত্নবতী গ্রামের নজরুল ইসলামের ছেলে শিহাবকে গত ২৭ জানুয়ারি সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাবা গত ২৯ জানুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৩ ফেব্রুয়ারি ডাকযোগে একটি চিঠি পান নজরুল। এতে ছেলের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়। পরদিন ৪ ফেব্রুয়ারি অজ্ঞাতনামাদের আসামি করে তিনি থানায় একটি হত্যা মামলা করেন।জিডির পর থেকেই পুলিশ সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ করছিল। গতকাল বিকেলে রত্নবতী আলী আমেনা উচ্চবিদ্যালয় ছুটি হওয়ার পর পুলিশ ওই বিদ্যালয়ের চার ছাত্রকে গ্রেপ্তার করে। তারা হলো: দশম শ্রেণীর ছাত্র মাহে আলম ওরফে নয়ন, মো. রবিন, রবিউল হাসান ওরফে হূদয় ও ফয়সল আহমেদ। এর মধ্যে মাহে আলম ও রবিউল হাসানের বাড়ি রত্নবতী গ্রামে, ফয়সালের বাড়ি ছত্রখিল ও রবিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে।গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী রত্নবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সেপটিক ট্যাংক থেকে শিহাবের জবাই করা বস্তাভরা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় কুমিল্লার নির্বাহী হাকিম মেহেদী মাহমুদ আকন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।লাশ উদ্ধারের পর থেকে শিহাবের বাবা নজরুল ইসলাম, মা রওশন আরাসহ পরিবারের সদস্যরা বাকরুদ্ধ। তিন ভাই-বোনের মধ্যে শিহাব সবার ছোট। তাঁর বড় দুই বোন রয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, ২৭ জানুয়ারি রাত নয়টার দিকে চারজন মিলে শিহাবকে ওই বিদ্যালয়ের মাঠে জবাই করে। পরে বস্তায় ভরে লাশ ট্যাংকের ভেতরে ঢুকিয়ে রাখে।