সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু
খুলনা নগরের গিলাতলা এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাঠ-বাঁশ খুলতে গিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরের খানজাহান আলী থানার গিলাতলার শেখপাড়া এলাকার আল আমিন শেখের বাড়িতে নবনির্মিত সেপটিক ট্যাংকের কাঠ-বাঁশ খুলতে যান শ্রমিকেরা। প্রথমে রাজমিস্ত্রি সাইফুল ইসলাম (৩৮) ট্যাংকের ভেতর নামেন। বেশ কিছু সময় পরও তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকারী মিস্ত্রি শহিদুল ইসলাম (৩৫) ও সরোয়ার হোসেন (৩৪) ট্যাংকের ভেতর নামেন। ওই তিনজনের কোনো শব্দ না পেয়ে শ্রমিক আশরাফ আলীও ভেতরে নামেন।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রয়োজনীয় সরঞ্জামসহ সেপটি ট্যাংকে তল্লাশি চালিয়ে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আর আশরাফ আলীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খানজাহান আলী থানার ওসি শহিদুল হক বলেন, এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দৌলতপুর ফায়ার স্টেশনের শাখা কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।