সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু
নওগাঁয় সদর উপজেলার একটি বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে চারজন মারা গেছেন। শিকারপুর ইউনিয়নের গোয়ালি গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। চিকিৎসক ও পুলিশের ধারণা, বিষক্রিয়ার কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক তয়েজ উদ্দিনের ছেলে ইমতিয়াজ আহমেদ (২২), তাঁদের প্রতিবেশী দিলবর রহমান (৪০) ও বাবু সরদার (২৮) এবং নির্মাণশ্রমিক রতন ইসলাম (৩০)। রতনের বাড়ি একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গতকাল সকাল সাতটার দিকে সেপটিক ট্যাংকের ঢালাইয়ের শাটার (বাঁশ ও কাঠ) খুলতে রতন প্রথমে নিচে নামেন। অনেকক্ষণ তাঁর কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালার ছেলে ইমতিয়াজ ট্যাংকের ভেতর নামেন। তাঁরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের ডাকেন। পরে একে একে ওই গ্রামের বাবু ও দিলবর নিচে নামেন। কিন্তু অনেকক্ষণ তাঁদের কোনো সাড়া না পেয়ে সবাই চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে সেখানে গ্রামের বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়ে যান। এরপর সবাই মিলে সেপটিক ট্যাংকের ছাদ সরিয়ে ফেলেন। সেখান থেকে চারজনকেই নিথর উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দিলবর মারা যান। বাকি তিনজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান জানান, দীর্ঘদিন সেপটিক ট্যাংকটি বন্ধ থাকায় সেখানে বিষাক্ত গ্যাস (কার্বন মনোঅক্সাইড) তৈরি হতে পারে। এরই বিষক্রিয়ায় ওই চারজনের মৃত্যু হতে পারে।