গ্যাসের বিষক্রিয়ায় ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
বন্দরনগর চট্টগ্রামের ইপিজেড থানাধীন কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) একটি কারখানার সেপটিক ট্যাংকে গ্যাস বিষক্রিয়ায় তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে এসওএস আউটফিড নামে একটি নির্মাণাধীন কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকদের নাম মো. শাহআলম (৩০), মো. রেজাউল (৩৫) ও মো. আরিফ (২৮)। তাঁরা কারখানাটির নির্মাণকাজ করছিলেন।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাহমুদ প্রথম আলোকে জানান, নির্মাণাধীন কারখানাটির সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়েছিল ঈদের আগে। ওই ছাদের বাঁশগুলো খোলার জন্য আজ বেলা সাড়ে ১১টার দিকে তিন শ্রমিক ট্যাংকের নিচে নামেন। কিন্তু আধঘণ্টা পরও তাঁরা বের হয়ে না আসায় এবং তাঁদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় ওপরে থাকা অন্য শ্রমিকেরা চিন্তিত হয়ে পড়েন। এ অবস্থায় তাঁরা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই তাঁরা ট্যাংক থেকে তিন শ্রমিকেরই মৃতদেহ থেকে উদ্ধার করেন।
জানা গেছে, নির্মাণাধীন ওই কারখানার সেপটিক ট্যাংকটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ৮ ফুট। এর গভীরতা ৮ ফুট। প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের বাঁশ খোলার জন্য একটি মুখ দিয়ে ভেতরে নামেন। ওই শ্রমিক উঠে না আসায় পরে আরেকজন নামেন। এভাবে তৃতীয় শ্রমিক নামার পরও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে অন্যান্য শ্রমিকেরা ট্যাংকটির অন্য দুটি মুখ খুলে দিয়ে নাকেমুখে গামছা বেঁধে ট্যাংকের ভেতরে ঢুকে দেখেন তিনজনই অচেতন অবস্থায় পড়ে আছেন।
পরে ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়ার ভাষ্য, ট্যাংকটিতে কোনো বর্জ্য কিংবা পানি ছিল না। চারদিক বন্ধ থাকার কারণে ভেতরে কার্বন ডাই অক্সাইড কিংবা অন্য কোনো গ্যাস জমে থাকতে পারে। আর সে জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।
লাশ তিনটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।